নতুন অপারেটিং সিস্টেম নিয়ে কাজ করছে অ্যাপল
অ্যাপল সম্পূর্ণ নতুন এক অপারেটিং সিস্টেম তৈরি করছে, যার কোডনেম “ক্যারিশমাটিক”। ব্লুমবার্গের মার্ক গুরম্যান জানিয়েছেন, এটি সম্ভবত বহুদিন ধরে আলোচিত অ্যাপলের হোমওএস। খবর ম্যাকরিউমরস।
খবরে বলা হয়েছে, ২০২৬ সালে আসতে যাওয়া স্মার্ট হোম হাব এবং ২০২৭ সালের টেবিলটপ রোবট এই অপারেটিং সিস্টেমে চলবে। এতে টিভিওএস এবং ওয়াচওএসের বৈশিষ্ট্যের মিশ্রণ থাকবে। উদাহরণস্বরূপ, অ্যাপল ওয়াচের মতো হেক্সাগোনাল অ্যাপ গ্রিড থাকবে বলে ধারণা করা হচ্ছে।
এই প্ল্যাটফর্ম ঘড়ির ডায়াল, উইজেট এবং মাল্টি-ইউজার সাপোর্টকে কেন্দ্র করে তৈরি হচ্ছে। মূলত সিরি ভয়েস কমান্ডের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে, তবে স্পর্শ নিয়ন্ত্রণও থাকবে। অ্যাপলের ক্যালেন্ডার, ক্যামেরা, মিউজিক, রিমাইন্ডার ও নোটসের মতো কিছু প্রি-ইনস্টলড অ্যাপ থাকছে এতে।
মাল্টি-ইউজার সাপোর্টের মাধ্যমে ডিভাইসের ফ্রন্ট ক্যামেরা ব্যবহারকারীর মুখ চিনে তার পছন্দ অনুযায়ী লে–আউট ও কনটেন্ট পরিবর্তন করবে। আগামী কয়েক মাসে এ নিয়ে আরও তথ্য প্রকাশ করবে অ্যাপল।
ডিবিটেক/বিএমটি







