যাত্রীসহ গর্তে পড়লো বাইদুর রোবোটাক্সি
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর চংকিং-এ বাইদুর ‘অ্যাপোলো গো’ রোবোটাক্সি একটি গভীর নির্মাণ গর্তে পড়ে গেছে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। ঘটনাটি ঘটেছে গত ৬ আগস্ট। খবর দ্য ভার্জ।
গাড়িটিতে থাকা নারী যাত্রী অক্ষত ছিলেন এবং স্থানীয় বাসিন্দারা সিঁড়ির সাহায্যে তাকে উদ্ধার করেন বলে খবরে জানানো হয়।
চীনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বাইদুর অ্যাপোলো লোগোযুক্ত সাদা গাড়িটি একটি নির্মাণ খাদের তলদেশে পড়ে আছে। স্থানীয় এক দোকানদার জানান, ঘটনাস্থলে বাধা ও সতর্কীকরণ চিহ্ন ছিল, তবে গাড়িটি কীভাবে সেগুলো এড়িয়ে গিয়েছিল তা পরিষ্কার নয়।
রয়টার্স জানিয়েছে, ভিডিওর অবস্থান তারা যাচাই করেছে, কিন্তু গাড়িটি কীভাবে সেখানে পড়ল তা জানা যায়নি। এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও বাইদু কোনো প্রতিক্রিয়া জানায়নি।
ডিবিটেক/বিএমটি







