পরবর্তী আইপ্যাড প্রোতে থাকবে দুইটি ফ্রন্ট ক্যামেরা
অ্যাপলের পরবর্তী আইপ্যাড প্রো মডেলে দুটি ফ্রন্ট-ফেসিং ক্যামেরা থাকছে বলে জানিয়েছে ব্লুমবার্গ। একটি থাকবে ল্যান্ডস্কেপ পাশে, অন্যটি পোর্ট্রেট পাশে। এতে করে যেকোনো অবস্থানেই সেলফি বা ফেসটাইমে সাবজেক্টকে কেন্দ্র করে রাখা সহজ হবে। খবর এনগ্যাজেট।
২০২৪ সালের এম৪ আইপ্যাড প্রোতে অ্যাপল ক্যামেরার অবস্থান ল্যান্ডস্কেপ পাশে সরিয়ে দেয়, যা ল্যান্ডস্কেপ ব্যবহারের ক্ষেত্রে সুবিধাজনক হলেও, পোর্ট্রেট ব্যবহারে ফেস আইডি আনলক করতে কিছুটা সমস্যা হতো। এবার সেই সীমাবদ্ধতা দূর হচ্ছে।
নতুন আইপ্যাড প্রোতে থাকবে আরও শক্তিশালী ও বিদ্যুৎ-সাশ্রয়ী এম৫ চিপ, যা সামান্য পারফরম্যান্স উন্নয়ন এনে দেবে। এ ছাড়াও, অ্যাপল তাদের ভিশন প্রো, ম্যাকবুক প্রো, ম্যাক মিনি ও আইম্যাকেও পরবর্তী প্রজন্মের চিপ আনতে কাজ করছে বলে জানা গেছে।
ডিবিটেক/বিএমটি



