বিমানবাহিনীতে যুক্ত হলো নতুন আকাশ প্রতিরক্ষা রাডার
বাংলাদেশ বিমানবাহিনীর আকাশ প্রতিরক্ষাব্যবস্থায় যুক্ত হলো নতুন রাডার ‘জিএম ৪০৩ এম’। বগুড়ায় নব স্থাপিত আকাশ প্রতিরক্ষা র্যাডারটি ১৮ জুন (বুধবার) উদ্বোধন করেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
উদ্বোধনী অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমান বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার জন্য নতুন নতুন স্থাপনা ও যুদ্ধোপকরণ সংযোজন চলমান রয়েছে। এর ধারাবাহিকতায় আকাশ প্রতিরক্ষা র্যাডারটি আনুষ্ঠানিকভাবে বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হলো।
‘বাংলার আকাশ রাখিব মুক্ত’ এ অঙ্গীকার বাস্তবায়নের পথে নতুন রাডারটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। রাডারটি বিমানবাহিনীর আকাশ প্রতিরক্ষা এবং প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে সহায়তা করবে বলে আশা প্রকাশ করা হয়।







