স্বর্ণচোর ধরতে ফরেনসিক পরীক্ষা হচ্ছে ডিজিটাল ডিভাইসের

স্বর্ণচোর ধরতে ফরেনসিক পরীক্ষা হচ্ছে ডিজিটাল ডিভাইসের
৩০ মার্চ, ২০২৬ ১০:০৩  

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৮ মার্চ শনিবার দিবাগত রাতে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি ৩৪৮ কার্গো কম্পার্টমেন্টের টয়লেটের প্যানেলের ভেতর থেকে সাদা কাপড়ে মোড়ানো লুকায়িত অবস্থায় প্রায় ১৮ কেজি স্বর্ণ জব্দ করা হয়। ২৪ ক্যারেটের এই স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪৬ কোটি টাকা।

এ ঘটনায় কাস্টমসের পক্ষ থেকে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় এজাহারভুক্ত কারও নাম না থাকলেও  এ ঘটনায় গোয়েন্দা নজরদারিতে থাকা বিমানের বিভিন্ন পর্যায়ের সাত কর্মকর্তার মধ্যে চার জনের ডিজিটাল ডিভাইস জব্দ করে সেগুলো ফরেনসিক পরীক্ষা করা হচ্ছে বলে জানা গেছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ, তথ্য প্রযুক্তি ও নিজেদের অনুসন্ধানে খুব দ্রুতই এই স্বর্ণ পাচারের সঙ্গে কারা জড়িত কোথায় নেওয়া হতো সবগুলো উদঘাটন হবে। 

সূত্র মতে, ঘটনার তদন্তে গোয়েন্দা সংস্থার পাশাপাশি পুলিশেরও একটি টিম কাজ করছে। ইতোমধ্যে তারাও ওই ফ্লাইট পরিচালনার সঙ্গে ক্যাপ্টেন, কেবিন ক্রুসহ সংশ্লিষ্টদের নাম পরিচয় নিয়েছে। পাশাপাশি বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ে কারা কাজ করতো তাদের বিষয়েও তথ্য নিয়েছে। তারাও ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে। 

ডিবিটেক/বিটিও/ইকে