ইরানে হোয়াটসঅ্যাপ মুছে ফেলার আহ্বান
স্মার্টফোন থেকে বার্তা আদান–প্রদানের জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ মুছে ফেলতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ঘোষণায় জনগণকে মোবাইল ফোন থেকে হোয়াটসঅ্যাপ সরিয়ে ফেলতে অনুরোধ করে ইরান কর্তৃপক্ষ জানিয়েছে, এই অ্যাপ ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করে তা ইসরায়েলে পাঠাচ্ছে।
অবশ্য এ দাবির পক্ষে তারা সুনির্দিষ্ট কোনো প্রমাণ উপস্থাপন না করলেও এ ঘটনায় উদ্বেগ জানিয়েছে মেটার মালিকানাধীন অ্যাপটির কর্তৃপক্ষ।
এ অভিযোগের প্রতিক্রিয়ায় হোয়াটসঅ্যাপ এক বিবৃতিতে বলেছে, ‘এ ধরনের মিথ্যা প্রতিবেদন আমাদের সেবা বন্ধের এক অজুহাত হতে পারে; বিশেষ করে যখন আমাদের এ সেবা মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা ব্যবহারকারীদের সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করি না। কে কাকে বার্তা দিচ্ছেন, তা লিপিবদ্ধ করি না এবং কেউ কার সঙ্গে কী বার্তা বিনিময় করছেন, তা–ও নজরদারি করি না।’
‘আমরা কোনো সরকারের কাছে বড় আকারে তথ্য সরবরাহ করি না’, বলেছে হোয়াটসঅ্যাপ।
প্রসঙ্গত, কর্নেল বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক এবং সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ গ্রেগরি ফ্যালকো বলেছেন, এটি প্রমাণিত হয়েছে যে হোয়াটসঅ্যাপের মেটাডেটা বোঝা সম্ভব যা এনক্রিপ্ট করা হয় না।







