‘নুসুক’ অ্যাপে ওমরার আবেদন শুরু

‘নুসুক’ অ্যাপে ওমরার আবেদন শুরু
১১ জুন, ২০২৫ ১০:৫০  
১১ জুন, ২০২৫ ১৪:৫০  

হজের আনুষ্ঠানিক কার্যক্রম শেষে সবে নিজ নিজ দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। অবশ্য এর মধ্যেই আগামী বছরের জন্য হজ ও ওমরা মন্ত্রণালয় আবারও ওমরা কার্যক্রম চালু করেছে সৌদি সরকার। ফলে এখন থেকে মুসল্লিরা ‘নুসুক’ অ্যাপ ব্যবহার করে ওমরা পারমিট বুক করতে পারবেন। একইসঙ্গে হজ উপলক্ষে আরোপিত সবধরনের নিরাপত্তা ও প্রবেশ সংক্রান্ত নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মক্কা-মদিনা কেন্দ্রিক বিশ্বস্ত তথ্যসূত্র ইনসাইড দ্য হারামাইন জানিয়েছে “ওমরাহ পুনরায় শুরু হয়েছে, Nusuk অ্যাপের মাধ্যমে পারমিট বুক করা যাচ্ছে। হজ সংক্রান্ত সকল প্রবেশ নিষেধাজ্ঞা এখন প্রত্যাহার করা হয়েছে।” ফলে যে কেউ এখন পারমিট নিয়ে ইচ্ছেমতো মক্কা-মদিনায় প্রবেশ করে ইবাদত করতে পারবেন।

‘নুসুক অ্যাপে ওমরা চালু’ ঘোষণার মাধ্যমে বিশ্ব মুসলিমদের জন্য পুনরায় পবিত্র ভূমিতে ইবাদতের সুযোগ উন্মুক্ত হলো। হজের শিক্ষা ধারণ করে এখন ওমরার মাধ্যমে আত্মশুদ্ধির পথ আরও প্রসারিত হলো বলে আশাবাদী বিশ্ব মুসলিম। তাদের ভাষ্য, হজ শেষ হওয়ার পর যারা পুনরায় ওমরা পালন করতে উদগ্রীব ছিলেন, তাদের জন্য এটি একটি বড় সুসংবাদ। প্রযুক্তিনির্ভর সেবা ব্যবস্থার মাধ্যমে এখন ওমরা পালনে ঝামেলা কমবে, সময় বাঁচবে এবং নিরাপত্তা নিশ্চয়তা আরও জোরদার হবে।

প্রসঙ্গত, সৌদি সরকারের অফিসিয়াল ডিজিটাল প্ল্যাটফর্ম ‘নুসুক অ্যাপ’ (Nusuk App) এর মাধ্যমে মুসল্লিরা এখন ওমরার নির্ধারিত সময় অনুযায়ী পারমিট বুক করতে পারবেন। মসজিদুল হারাম ও রওজা মোবারকে জিয়ারতের জন্য সময় নির্ধারণ করতে পারবেন এবং স্থানীয় ও আন্তর্জাতিক—উভয় মুসল্লির জন্য উন্মুক্ত সুবিধা পাবেন।