অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়কে পুনর্বহালের দাবি; স্বাধীনতা চত্বর থেকে মিছিলে যোগ দেন ছাত্রীরাও
চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ, বাসভবনে তালা
- সদ্য সাবেক উপাচার্যকে সরিয়ে কুয়েটের অধ্যাপক শেখ শরীফুল আলমকে নিয়োগের প্রতিবাদে উত্তাল চুয়েট ক্যাম্পাস
- সোমবার রাতে স্বাধীনতা চত্বর থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলে নিয়ম ভেঙে যোগ দেন আবাসিক হলের ছাত্রীরাও
- মধ্যরাতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে এবং সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে স্বপদে বহাল রাখার দাবিতে মধ্যরাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও উপাচার্যের বাসভবনে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। ২১ সেপ্টেম্বর, ২০২৬ সোমবার দিবাগত রাতে ক্যাম্পাসজুড়ে এই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।
এর আগে সোমবার রাতে সরকার অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করে। এই নিয়োগের খবর ছড়িয়ে পড়তেই ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভের সঞ্চার হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর থেকে শত শত শিক্ষার্থীর অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক, কেন্দ্রীয় একাডেমিক ভবন, ছাত্রী হল এবং শিক্ষকদের আবাসিক এলাকা প্রদক্ষিণ করে। সাধারণত রাত ৮টার মধ্যে ছাত্রীদের আবাসিক হলের প্রধান ফটক বন্ধ হয়ে যাওয়ার নিয়ম থাকলেও উপাচার্য পরিবর্তনের খবরে রাত ১১টার দিকে ছাত্রীরাও হলের তালা খুলে বাইরে বেরিয়ে আসেন এবং সহপাঠীদের সাথে বিক্ষোভ মিছিলে একাত্মতা প্রকাশ করেন।
মিছিলজুড়ে শিক্ষার্থীরা সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে থাকেন। রাত ১২টার দিকে মিছিলটি পুনরায় স্বাধীনতা চত্বর ঘুরে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে সমবেত হয়। সেখানে কয়েক ঘণ্টা ধরে তীব্র বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি চালানোর পর একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্যের সরকারি বাসভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
//ডিবিটেক/ এওয়াইআই/বিপিও//





