দেশের বিভিন্ন কলেজের ২৬৪ শিক্ষার্থীর অংশগ্রহণে শুরু আন্তঃকলেজ প্রতিযোগিতা

বিইউবিটি-তে ইকোনমিক্স অলিম্পিয়াড

ভবিষ্যৎ অর্থনীতিবিদ, গবেষক ও নীতিনির্ধারক তৈরির লক্ষ্য নিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) আয়োজন করেছে ‘বিইউবিটি ইকোনমিক্স অলিম্পিয়াড-২০২৬’। দিনব্যাপী এ আয়োজনে অংশ নেয় দেশের ৩৫টিরও বেশি কলেজের শিক্ষার্থীরা।

বিইউবিটি-তে ইকোনমিক্স অলিম্পিয়াড
২০ জুন, ২০২৬ ১৯:৩৫  

দেশের ভবিষ্যৎ অর্থনীতিবিদ, নীতিনির্ধারক ও গবেষকদের প্রস্তুত করতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) আয়োজন করেছে ‘বিইউবিটি ইকোনমিক্স অলিম্পিয়াড-২০২৬’।

২০ জুন, শনিবার বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত আন্তঃকলেজ এই প্রতিযোগিতার উদ্বোধন করেন বিইউবিটির উপাচার্য ড. এ বি এম শওকত আলী। এতে ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলের ৩৫টিরও বেশি কলেজ থেকে ২৬৪ জন শিক্ষার্থী অংশ নেয়।

অলিম্পিয়াডে আর্থিক সাক্ষরতা, তথ্য বিশ্লেষণ, ক্ষুদ্র ও সামষ্টিক অর্থনীতি, জাতীয় বাজেট বিশ্লেষণ, পরিবেশগত অর্থনীতি এবং সমসাময়িক অর্থনৈতিক বিভিন্ন ইস্যু নিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য ড. এ বি এম শওকত আলী বলেন, বিশ্বমানের অর্থনীতিবিদ তৈরির পাশাপাশি শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা সায়েন্সভিত্তিক জ্ঞান অর্জনের প্রতিও গুরুত্ব দিতে হবে। সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার সমন্বয় ভবিষ্যতের অর্থনৈতিক নেতৃত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষ অতিথির বক্তব্যে ড. মুস্তাফা কে মুজেরী অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য দক্ষ মানবসম্পদ গঠনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজার বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নীতি গ্রহণের আহ্বান জানান।

বিইউবিটির ব্যবসায় ও অর্থনীতি অনুষদের ডিন ড. সৈয়দ মাসুদ হোসাইন বলেন, এই অলিম্পিয়াড শুধু প্রতিযোগিতা নয়; বরং তরুণদের অর্থনৈতিক চিন্তা, বিশ্লেষণ এবং নেতৃত্ব বিকাশের একটি প্ল্যাটফর্ম।

সেশন চেয়ারম্যান ড. মো. মাহমুদুল হাসান এ উদ্যোগকে সময়োপযোগী বলে উল্লেখ করেন।

দিনব্যাপী আয়োজনে ‘জাতীয় বাজেট সহজ শিক্ষা’ শীর্ষক একটি বিশেষ সেশন শিক্ষার্থীদের বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এতে জাতীয় বাজেটের বিভিন্ন বিষয় সহজভাবে উপস্থাপন করা হয়। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মুহম্মদ মাহবুব আলী এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো. আবদুর রউফ।

প্রতিযোগিতায় ব্যক্তিগত ও দলগত—উভয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ছিল। প্রাথমিক বাছাই শেষে নির্বাচিত শিক্ষার্থীরা দ্রুতগতির অর্থনৈতিক কুইজ ও বিশেষজ্ঞ প্যানেলের প্রশ্নোত্তরভিত্তিক চূড়ান্ত পর্বে অংশ নেয়।

অলিম্পিয়াডে কলা, বাণিজ্য ও বিজ্ঞান—এই তিন বিভাগে পুরস্কার প্রদান করা হয়। বিজয়ীরা ট্রফি ও সনদপত্রের পাশাপাশি বিইউবিটির অর্থনীতি বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ৫০ শতাংশ পর্যন্ত বৃত্তির সুযোগ পাবে। অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকেও সনদপত্র প্রদান করা হয়।

//ডিবিটেক/বিএসএন/ডিএইচই//