রাশিয়ায় দেউলিয়া হতে যাচ্ছে মাইক্রোসফট ইউনিট

রাশিয়ায় দেউলিয়া হতে যাচ্ছে মাইক্রোসফট ইউনিট
৩১ মে, ২০২৫ ১৩:১৬  
৩১ মে, ২০২৫ ১৩:১৬  

মাইক্রোসফট কর্পোরেশনের রাশিয়ান একটি সহযোগী প্রতিষ্ঠান দেউলিয়া ঘোষণা করার পরিকল্পনা করছে বলে শুক্রবার রাশিয়ার সরকারি ফেডরেসুর্স রেজিস্ট্রিতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানা গেছে। প্রতিষ্ঠানটি হলো "মাইক্রোসফট রুস এলএলসি"। খবর রয়টার্স।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পরও মাইক্রোসফট সেখানে কিছু সেবা চালু রাখে। তবে ২০২২ সালের জুনে তারা জানায়, ব্যবসায়িক পরিবেশের পরিবর্তনের কারণে রাশিয়ায় কার্যক্রম ব্যাপকভাবে সীমিত করা হবে।

সম্প্রতি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মাইক্রোসফট ও জুম-এর মতো বিদেশি সেবা সরবরাহকারীদের নিয়ন্ত্রণে এনে দেশীয় সফটওয়্যারের বিকাশে অগ্রাধিকার দিতে হবে।

রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, মাইক্রোসফটের রাশিয়ায় আরও তিনটি ইউনিট রয়েছে—মাইক্রোসফট ডেভেলপমেন্ট সেন্টার রুস, মাইক্রোসফট মোবাইল রুস এবং মাইক্রোসফট পেমেন্টস রুস। এসব ইউনিটের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত।

ডিবিটেক/বিএমটি