কার্টিজ পেপারে লেখা হবে দলিল; এনআইডি-টিআইএন উল্লেখ বাধ্যতামূলক করল এনবিআর
২০২৭ থেকে এ-চালানে নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক পরিশোধ বাধ্যতামূলক
- ২০২৭ সালের ১ জুলাই থেকে এ-চালানে স্ট্যাম্প শুল্ক বাধ্যতামূলক
- আগামী ৩০ জুন ২০২৭ পর্যন্ত চলবে প্রচলিত বিকল্প পদ্ধতি
- দলিল লেখায় কার্টিজ পেপার এবং চালান রসিদ সংযুক্তি বাধ্যতামূলক
- একাধিক পক্ষের ক্ষেত্রে টিআইএন, এনআইডি কিংবা বিআইএন দেওয়া আবশ্যক।
- জালিয়াতি রোধ ও কোটি টাকার রাজস্ব ব্যয় সাশ্রয়ের প্রত্যাশা
আগামী ২০২৭ সালের ১ জুলাই থেকে দেশের সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক অটোমেটেড চালান - ‘এ-চালান’ (A-Challan)-এর মাধ্যমে পরিশোধ বাধ্যতামূলক করেছে সরকার। শুল্কের পরিমাণ যা-ই হোক না কেন, নির্ধারিত সময়ের পর থেকে আর কোনো সনাতনী পদ্ধতিতে স্ট্যাম্প শুল্ক পরিশোধের সুযোগ থাকবে না। তবে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ে এ-চালানের পাশাপাশি প্রচলিত পদ্ধতিতেও স্ট্যাম্প শুল্ক পরিশোধ অব্যাহত রাখা যাবে। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ সম্প্রতি এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
১০ নভেম্বর, মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানিয়েছেন। ‘দ্য স্ট্যাম্প অ্যাক্ট, ১৮৯৯’-এর ১১এ ধারা এবং ‘দ্য স্ট্যাম্প ডিউটিজ (অ্যাডিশনাল মোডস অব পেমেন্ট) অ্যাক্ট, ১৯৭৪’-এর ২(১) ধারায় অর্পিত ক্ষমতাবলে সরকার এ নতুন বিধিমালা প্রণয়ন করেছে।
সরকারি প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে, নিবন্ধনযোগ্য দলিলের ক্ষেত্রে স্ট্যাম্প শুল্ক এ-চালানে পরিশোধ করা হলে দলিল লেখার জন্য বাধ্যতামূলকভাবে ‘কার্টিজ পেপার’ ব্যবহার করতে হবে। পরবর্তীতে নিবন্ধনের জন্য সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রারের কাছে মূল দলিল উপস্থাপনের সময় শুল্ক পরিশোধের প্রমাণ হিসেবে এ-চালানের প্রাপ্তিস্বীকার রসিদের প্রিন্ট কপি সংযুক্ত করতে হবে। একই সঙ্গে দলিলের প্রথম পৃষ্ঠায় স্ট্যাম্প শুল্ক পরিশোধসংক্রান্ত এ-চালান নম্বরটি স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। বিমা পলিসির ওপর প্রযোজ্য শুল্কের ক্ষেত্রেও অভিন্ন নিয়ম প্রযোজ্য হবে; বিমা পলিসির শনাক্তকরণ নম্বর উল্লেখ করে প্রথম পাতায় এ-চালান নম্বর ও রসিদের মুদ্রিত কপি যুক্ত করতে হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, একযোগে একাধিক ব্যক্তি বা কোনো করপোরেট প্রতিষ্ঠানের পক্ষে এ-চালানের মাধ্যমে শুল্ক পরিশোধের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রত্যেকের নাম ও সুনির্দিষ্ট শনাক্তকরণ নম্বর উল্লেখ করা আবশ্যক। শনাক্তকরণের ক্ষেত্রে প্রযোজ্য অনুযায়ী সংশ্লিষ্টদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি), করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন), ব্যবসায়িক শনাক্তকরণ নম্বর (বিআইএন) অথবা ট্রেড লাইসেন্স নম্বর প্রদান করতে হবে।
সরকার মনে করছে, নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক ব্যবস্থাপনাকে শতভাগ এ-চালানের আওতায় নিয়ে আসার মাধ্যমে বাজারে প্রচলিত ইমপ্রেসড ও অ্যাডহেসিভ স্ট্যাম্প মুদ্রণ, সংরক্ষণ, বিতরণ ও বিক্রেতাদের কমিশন বাবদ প্রতি বছর রাষ্ট্রীয় কোষাগারের বিপুল অর্থ সাশ্রয় হবে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা অবৈধ ও জাল স্ট্যাম্প বিক্রির নেটওয়ার্ক সম্পূর্ণ বন্ধ হবে, যা স্বচ্ছতা নিশ্চিত করে জাতীয় রাজস্ব আদায়ে ইতিবাচক ভূমিকা রাখবে।
এ-চালান (A-Challan) হলো বাংলাদেশ সরকারের একটি অটোমেটেড চালান সিস্টেম, যার মাধ্যমে ঘরে বসে অনলাইনে যেকোনো সরকারি ফি, ভ্যাট, কর (ট্যাক্স), কাস্টমস ডিউটি এবং বিভিন্ন সেবার ফি দ্রুত ও নিরাপদে জমা দেওয়া যায়।
//ডিবিটেক/ জেএনিআর/এসএমই/এমআইএসটি//





