ঢাকায় এক সপ্তাহে তিন বিজ্ঞান ও প্রযুক্তি উৎসব

উইলস লিটল ও ঢাবিতে বিজ্ঞান ও প্রযুক্তি উৎসব

উইলস লিটল ও ঢাবিতে বিজ্ঞান ও প্রযুক্তি উৎসব
২৩ মে, ২০২৫ ২৩:২০  
২৪ মে, ২০২৫ ০১:০০  

মে মাসের শেষ সপ্তাহটি হতে চলেছে বিজ্ঞানময় সপ্তাহ। সপ্তাহের প্রথম দিন শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে বসছে প্রথম এসএন বোস ন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল। একইদিনে রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে বসছে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান অলিম্পিয়াড।

জাতীয় শিক্ষা বোর্ডের অধীনে রাজধানীর কাকরাইলে অবস্থিত এই স্কুলে অনুষ্ঠিতব্য বিজ্ঞান সপ্তাহে  কুইজ, অলিম্পিয়াড, এবং প্রোজেক্ট ডিসপ্লে করবে খুদে বিজ্ঞানীরা। অনুষ্ঠানটি উদ্বোধন করবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোঃ মোকাব্বির হোসেন। জেলা প্রশাসক তানভীর আহমেদের সভাপতিত্বে উদ্বোধনীতে আরো উপস্থিত থাকবেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মুনীরা সুলতানা এবং বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি এ বি এম আব্দুস সাত্তার। 

উইলস সায়েন্স ক্লাবের সভাপতি তাকিবুর রহমান খান জানিয়েছেন, শনিবার উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি প্রোজেক্ট সেটআপ করবেন অংশগ্রহণ কারীরা। পরের দিন হবে অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা। আর শেষ দিন পুরস্কার বিতরণীর আগে হবে সেমিনার। 

অপরদিকে কার্জন হলের জাতীয় বিজ্ঞান উৎসবে থাকছে রুবিকস কিউব, চেজ টুর্নামেন্ট, উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন, পোস্টার প্রদর্শন, বক্তৃতা এবং বিজ্ঞান অলিম্পিয়াড। উসৎব উপলক্ষে ৭২ ঘন্টার হ্যাকাথন শুরু হয় ২০ মে। ২৩ মে শেষ হওয়া হ্যাকাথনে নির্বাচিত হয় কোডিংয়ের মাধ্যমে উদ্ভাবনী সমাধান দেয়া নিবন্ধিত ১০৮ দলের মধ্যে সেরা ১০টি দল।   

বিজ্ঞানভিত্তিক জ্ঞানচর্চাকে অনুপ্রেরণা জোগাতে ‘বিজ্ঞান আড্ডা’ নামে শিক্ষার্থীদের একটি প্লাটফর্মের উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়েছে।প্লাটফর্মটির অন্যতম সংগঠক উমামা ফাতেমা জানিয়েছেন, সকাল ১০টায় এ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা, জীববিজ্ঞান অনুষদের ডিন ড. এনামুল হক, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন ড. উপমা কবির প্রমুখ। শনি ও রোববার সকাল ১০টায় উৎসব শুরু হবে।

সূত্রমতে, কার্জন হল প্রাঙ্গণে বিজ্ঞানভিত্তিক বিভিন্ন কোম্পানি, গবেষণা প্রতিষ্ঠান ও প্রকাশনার সমন্বয়ে ৩০টি স্টল বসবে। রাজধানী ঢাকার সরকারি বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানে স্টলগুলো প্রদর্শন করবে। স্টলগুলোতে দর্শনার্থীরা দেশের নানাবিধ উদ্ভাবনী প্রযুক্তি পরিদর্শন করতে পারবে।

এছাড়াও সপ্তাহের শেষ দিন ৩০ মে ইয়ুথপ্রেনার নেটওয়ার্ক এবং ঢাকা ইউনিভার্সিটি সায়েন্স সোসাইটির যৌথ আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি উৎসব। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষনা ইন্সটিটিউটের অধীন ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিতব্য উৎসবের পঞ্চম আসরে ৫টি ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশ নেবে খুদে বিজ্ঞানীরা। বিজ্ঞান ও প্রযুক্তি অলিম্পিয়াড হবে এমসিকিউ ও সৃজনশীল মিশ্র ফরম্যাটে। আইকিউ টেস্ট ও স্ক্র্যাপবুক ডিজাইনিং প্রতিযোগিতা থাকবে সবার জন্য উন্মুক্ত। বয়স ভিত্তিতে বিভক্ত বিজ্ঞান ও প্রযুক্তি বক্তৃতা প্রতিযোগিতায় বিষয় থাকছে- বিজ্ঞান ও শিল্প বিপ্লবের অবদান, অর্থনৈতিক উন্নয়নে প্রযুক্তি, শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং আধুনিক রাষ্ট্র গঠনে প্রযুক্তির ভূমিকা নিয়ে।