আমিরাতে এআই ক্যাম্পাসে যুক্ত হচ্ছে ওপেনএআই, এনভিডিয়া

আমিরাতে এআই ক্যাম্পাসে যুক্ত হচ্ছে ওপেনএআই, এনভিডিয়া
২৩ মে, ২০২৫ ১৭:৩৭  
২৩ মে, ২০২৫ ২৩:৩৯  

সংযুক্ত আরব আমিরাতে নির্মিতব্য বিশ্বের প্রথম এআইনির্ভর ক্যাম্পাস নির্মাণের সঙ্গে যুক্ত হচ্ছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট ওপেনএআই, এনভিডিয়া, ওরাকল ও সিসকো। এআই ক্যাম্পাস গড়তে ইউএই স্টারগেট প্রকল্পে চিপ দিয়ে এনভিডিয়া এবং অবকাঠামো সরবরাহ করবে সিসকো সিস্টেমস। 

এ বিষয়ে বৃহস্পতিবার এক ঘোষণায় মার্কিন চিপ জায়ান্ট এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং জানিয়েছেন, ইউএই স্টারগেট প্রকল্পের মাধ্যমে তারা আরব আমিরাতের লক্ষ্য বাস্তবায়নের জন্য এআই অবকাঠামো তৈরি করছে।  

আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি’র খবরে প্রকাশ, গত সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরের সময় প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও মার্কিন বাণিজ্য বিভাগ বেশ কিছু নতুন এআই চুক্তির ঘোষণা দিয়েছে, যার মধ্যে আবু ধাবির জন্য নির্ধারিত ইউএই স্টারগেট প্রকল্প রয়েছে। প্রকল্পটি সংযুক্ত আরব আমিরাতের কোম্পানি ‘জি৪২’-এর সহযোগিতায় ১০ বর্গমাইল এলাকা জুড়ে তৈরি হবে ও এর ধারণক্ষমতা হবে ৫ গিগাওয়াট।

চুক্তির অংশ হিসেবে ওপেনএআই ও ওরাকল ১ গিগাওয়াট কম্পিউট ক্লাস্টার পরিচালনা করবে। এটি তৈরি করবে ‘জি৪২’। এ প্রকল্পে ব্যবহার করা হবে এনভিডিয়ার চিপ। অন্যদিকে সংযোগ অবকাঠামো সরবরাহ করবে মার্কিন কোম্পানি সিসকো সিস্টেমস। কোম্পানিগুলো জানিয়েছে, আগামী বছর প্রাথমিকভাবে দুইশো মেগাওয়াট এআই ক্লাস্টার চালুর কথা রয়েছে।

এক ঘোষণায় ওপেনএআই জানিয়েছে, প্রকল্পটি “মার্কিন অবকাঠামো শক্তিশালী করতে ওপেনএআইয়ের প্রতিশ্রুতিকে আরও জোরদারের সঙ্গে সঙ্গে তাদের বিভিন্ন মিত্র দেশকে নিরাপদ ও দায়িত্বশীলভাবে এআই ব্যবহারের সুযোগ করে দেবে।

 গত জানুয়ারিতে ওপেনএআই, ওরাকল ও সফটব্যাংক  প্রকল্পটির জন্য ১০ হাজার কোটি ডলার ও আগামী চার বছরে আরও ৫০ হাজার কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। ফেব্রুয়ারিতে ওপেনএআই বলেছিল, চুক্তির অংশ হিসেবে ১৬টি রাজ্যে ডেটা সেন্টার ক্যাম্পাস নির্মাণের কথা বিবেচনা করছে তারা।