আইএসপিএবি ভোটে বিজয়ী সহযোগী ৪ সদস্য
দেশের ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এর ২০২৫-২০২৭ মেয়াদের কার্য নির্বাহী পরিষদের পরিচলক পদে ১০ জনের মধ্যে বিজয়ী হলেন ৪ সহযোগী সদস্য। এই পদে ৬৬২ ভোটারের মধ্যে ভোট দেন ৫৫৭ জন।
তাদের রায়ে বিজয়ীদের মধ্যে রাইসুল ইসলাম তুহিন ২৯৯, ফুয়াদ মুহাম্মদ শরফুদ্দিন ২৮৯, মো. জুবায়ের ইসলাম ২৫৭ ও এস এম সাইফুল ইসলাম সেলিম ২৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে তুহিন ও জুবায়ের অধিকার প্যানেল থেকে নির্বাচন করেন।
তবে এক ভোটের ব্যবধানে ২৫১ ভোট পেয়ে জিততে পারেননি মোঃ নাছির উদ্দিন (২৫১)। ভোটে বিফল মোঃ ইমদাদুল হক ২৩৭, মোঃ আলমগীর হোসেন ১৯৪, আনোয়ার আহমেদ ১৮৫, তারিক হাসান তূর্য ১৭৩ এবং মোহাম্মদ শাহজাহান ৬৩ ভোট পেয়েছেন।
শনিবার (১৭ মে) রাজধানীর শাহবাগের মিন্টো রোডে অবস্থিত শহিদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে দিনব্যাপী ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ৮টার দিকে সাধারণ সদস্য ও সহযোগী ক্যাটাগরির চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।
ফলাফল ঘোষণা করেন আইএসপিএবি নির্বাচনে চেয়ারম্যান বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ আলী। এসময় অপর দুই সদস্য সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. এরশাদ হোসেন (রাশেদ) এবং সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট রাকিব হোসেন উপস্থিত ছিলেন।
নির্বাচনি আপিল বোর্ডের চেয়ারম্যান ছিলেন বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম এবং সদস্য ছিলেন কর্নেল আহম্মদ দানিয়া ইসলাম (অব.) ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. নিহার হোসেন (ফারুক)।
এছাড়াও আইএসপিএবি সেক্রেটারিয়েটের সচিব বিজয় কুমার পাল এবং ম্যানেজার মোঃ মইনুল ইসলাম নির্বাচনে সার্বক্ষণিক দায়িত্ব পালন করেছেন।







