রবি গ্রাহকদের সুরক্ষায় ক্যাসপারস্কি প্রিমিয়াম চালু
মোবাইল ব্যালান্সে সাইবার সুরক্ষা
মোবাইল অপারেটর রবি আজিয়েটার অধীন রবি ও এয়ারটেল সিম ব্যবহারকারীদের সাইবার সুরক্ষা দিতে মঙ্গলবার চালু হলো ক্যাসপারস্কি প্রিমিয়াম। পুঁজিবাজারে তালিকভূক্ত রবি আজিয়াটা, ক্যাসপারস্কি ও আইসিটি ডিস্ট্রিবিউশনের যৌথ অংশীদারিত্বে মোবাইল ব্যালান্স দিয়েই এই প্রিমিয়ার দিতে পারবেন রবি’র গ্রাহকেরা।
রাজধানীর রেনেসেন্স ঢাকা গুলশান হোটেলের বলরুমে নতুন সেবাটির উদ্বোধনী অনুষ্ঠানে রবি’র চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ, ক্যাসপারস্কি’র এশিয়া প্যাসিফিক অঞ্চলের হেড অব কনজিউমার চুন হং চী এবং আইসিটি ডিস্ট্রিবিউশনের গ্রুপ সিইও ও চেয়ারম্যান আলি ওবায়েদ এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশের ডিজিটাল ব্যবস্থার দ্রুত সম্প্রসারণের সঙ্গে সঙ্গে ম্যালওয়্যার, ফিশিং, র্যানসমওয়্যারসহ নানা ধরনের সাইবার হুমকি বাড়ছে। এ প্রেক্ষাপটে নিরাপদ অনলাইন অভিজ্ঞতা নিশ্চিত করতে এই ধরনের সুরক্ষামূলক উদ্যোগ সময়োপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উদ্বোধনীতে রবি’র চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ বলেন, "এটি শুধুমাত্র একটি পণ্যের উদ্বোধন নয় — এটি আমাদের ব্যবহারকারীদের নিরাপদভাবে ডিজিটাল বিশ্ব আবিষ্কারে সহায়তা করার একটি পদক্ষেপ। রবি সবসময় নিরাপদ ও স্মার্ট কানেক্টিভিটির অগ্রদূত হিসেবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।"
চুন হং চী বলেন,"আমাদের এই যুগলবন্দি ইন্টারনেট ব্যবহারকারীরা যেখানেই থাকুন না কেন, তাদের সুরক্ষিত রাখার প্রতিশ্রুতির প্রতিফলন। বাংলাদেশের দ্রুত বিকাশমান ডিজিটাল পরিবেশের জন্য শক্তিশালী সুরক্ষা অপরিহার্য এবং ক্যাসপারস্কি, রবি ও আইসিটি ডিস্ট্রিবিউশনের সহায়তায় তা নিশ্চিত করতে আমরা গর্বিত।"



