রাশিয়ায় টেলিগ্রামকে জরিমানা

রাশিয়ায় টেলিগ্রামকে জরিমানা
৮ এপ্রিল, ২০২৫ ১৩:২৯  
৮ এপ্রিল, ২০২৫ ১৩:৩০  

রাশিয়ার মস্কোর একটি আদালত মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামকে ৭০ লাখ রুবল (প্রায় ৮০ হাজার ডলার) জরিমানা করেছে। রুশ সংবাদ সংস্থা তাস জানায়, রাশিয়ার সরকার পতনের আহ্বান জানানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান সংবলিত কিছু বার্তা ও চ্যানেল সরাতে ব্যর্থ হওয়ায় এই জরিমানা করা হয়। খবর রয়টার্স।

আদালত বলেছে, "টেলিগ্রাম উগ্রতামূলক কার্যকলাপে উৎসাহ জোগানো তথ্য ও চ্যানেল অপসারণে ব্যর্থ হয়েছে।"

তাস আরও জানায়, সংশ্লিষ্ট বার্তাগুলোর কিছুতে রাশিয়ার সরকারবিরোধী আন্দোলনে অংশ নেওয়া এবং ইউক্রেনীয় বাহিনীকে সহায়তার উদ্দেশ্যে রেলপথে সন্ত্রাসী হামলার আহ্বান জানানো হয়।

টেলিগ্রাম এই বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক সাড়া দেয়নি। 

রুশ বংশোদ্ভূত পাভেল দুরভ প্রতিষ্ঠিত এবং বর্তমানে দুবাইভিত্তিক এই প্ল্যাটফর্মটির ব্যবহারকারী সংখ্যা প্রায় ১০০ কোটির কাছাকাছি। এটি রাশিয়া, ইউক্রেনসহ সাবেক সোভিয়েত অঞ্চলজুড়ে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

ডিবিটেক/বিএমটি