গুগলের নতুন এআই ভিডিও মডেলে প্রতি সেকেন্ড ৫০ সেন্ট খরচ
গত ডিসেম্বরে উন্মোচন করা গুগল তার ভিডিও তৈরির কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল ভিও ২-এর মূল্য নির্ধারণ করেছে। ভিও ২ ব্যবহার করতে প্রতি সেকেন্ডে ৫০ সেন্ট খরচ হবে, যা প্রতি মিনিটে ৩০ ডলার বা প্রতি ঘণ্টায় ১,৮০০ ডলার পর্যন্ত পৌঁছাবে। খবর টেকক্রাঞ্চ।
গুগল ডিপমাইন্ডের গবেষক জন ব্যারন এ মূল্য তুলনা করে বলেন, মার্ভেল চলচ্চিত্র "অ্যাভেঞ্জার্স: এন্ডগেম"-এর উৎপাদন বাজেট ছিল প্রায় ৩৫৬ মিলিয়ন ডলার, যা প্রায় প্রতি সেকেন্ডে ৩২,০০০ ডলার খরচের সমান। যদিও ভিও ২ দিয়ে এখনই তিন ঘণ্টার ব্লকবাস্টার সিনেমা তৈরি করা সম্ভব নয়, তবে গুগল জানিয়েছে, এটি দুই মিনিট বা তার বেশি সময়ের ভিডিও তৈরি করতে পারে।
এদিকে, গুগলের এই মূল্য নির্ধারণের সঙ্গে তুলনা করা হচ্ছে ওপেনএআইয়ের সোরা মডেলের, যা সম্প্রতি চ্যাটজিপিটি প্রো গ্রাহকদের জন্য চালু করা হয়েছে। এই সেবার জন্য প্রতি মাসে ২০০ ডলার সাবস্ক্রিপশন ফি দিতে হচ্ছে।
ডিবিটেক/বিএমটি







