রোবটিক্স স্টার্টআপে ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে সফটব্যাংক

রোবটিক্স স্টার্টআপে ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে সফটব্যাংক
২৯ জানুয়ারি, ২০২৫ ১৭:১০  

জাপানের প্রযুক্তি প্রতিষ্ঠান সফটব্যাংক রোবটিক্স স্টার্টআপ স্কিল্ডএআই-তে ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগের আলোচনা করছে। ব্লুমবার্গ ও ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে, এই বিনিয়োগের ফলে স্কিল্ডএআই-এর বাজার মূল্য দাঁড়াবে ৪ বিলিয়ন ডলার। খবর টেকক্রাঞ্চ।

মাত্র দুই বছর বয়সী এই স্টার্টআপটি গত জুলাইয়ে ১.৫ বিলিয়ন ডলার মূল্যমানের ভিত্তিতে ৩০০ মিলিয়ন ডলার সংগ্রহ করেছিল। সেই সময় বিনিয়োগকারীদের মধ্যে ছিলেন জেফ বেজোস, লাইটস্পিড ভেঞ্চার পার্টনার্স ও কোটু ম্যানেজমেন্ট।

স্কিল্ডএআই-এর প্রতিষ্ঠাতা দীপক পাঠক ও অভিনব গুপ্ত জানিয়েছেন, তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল বিভিন্ন ধরনের রোবটের জন্য ব্যবহার করা যায়। এই সাধারণ মডেল নির্দিষ্ট ক্ষেত্র বা প্রয়োগের জন্য সহজেই পরিবর্তন করা সম্ভব।

কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্সের সংযোগ বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। বিশেষ করে জেফ বেজোস রোবটিক্স প্রযুক্তিতে তার বিনিয়োগ বাড়িয়ে চলেছেন।

গত নভেম্বরে ফিজিক্যাল ইন্টেলিজেন্স নামের একটি স্টার্টআপ ৪০০ মিলিয়ন ডলার সংগ্রহ করেছে, যার বাজার মূল্য ২ বিলিয়ন ডলার। জেফ বেজোস, লাক্স ক্যাপিটাল ও থ্রাইভ ক্যাপিটাল এই বিনিয়োগের নেতৃত্ব দিয়েছেন।

এছাড়া, গত ফেব্রুয়ারিতে ফিগার এআই নামের একটি প্রতিষ্ঠান এআই চালিত মানবাকৃতির রোবট তৈরির জন্য ৬৭৫ মিলিয়ন ডলার সংগ্রহ করেছে। এতে মাইক্রোসফট, ওপেনএআই স্টার্টআপ ফান্ড, এনভিডিয়া, অ্যামাজন ইন্ডাস্ট্রিয়াল ইনোভেশন ফান্ড ও জেফ বেজোস বিনিয়োগ করেছেন।