যবিপ্রবির পিটিআর বিভাগের প্রয়াত শিক্ষার্থী রুবেলের পরিবারকে আর্থিক সহায়তা

২৭ আগষ্ট, ২০২১ ১২:৪০  
সড়ক দুর্ঘটনায় নিহত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন (পিটিআর) বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী মো. রুবেল-এর পরিবারকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। যবিপ্রবির পিটিআর বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও শহীদ মসিয়ূর রহমান হলের পক্ষ থেকে এ আর্থিক সহায়তা দেওয়া হয়। বৃহস্পতিবার বিকেলে ঢাকার আশুলিয়ার কোনাপাড়া গ্রামে যবিপ্রবির পিটিআর বিভাগের চেয়ারম্যান ডা. মো. ফিরোজ কবিরসহ অন্যরা মো. রুবেলের বাবা-মায়ের হাতে সহায়তার এ নগদ অর্থ তুলে দেন। গত ২১ মার্চ রোববার রাত আনুমানিক পৌনে ৯টায় ঢাকার জিরানি বাজার এলাকায় ট্রাক চাপায় মো. রুবেল ঘটনাস্থলেই ইন্তেকাল করেন বলে রুবেলের শিক্ষক ও সহপাঠীরা জানান। আর্থিক সহায়তা প্রদানের বিষয়ে পিটিআর বিভাগের চেয়ারম্যান ডা. মো. ফিরোজ কবির বলেন, ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ যবিপ্রবিতে একটি নতুন বিভাগ। আমরা একটি পরিবারের মতো। শ্রেণিকক্ষে ছেলেটি অত্যন্ত মেধাবী ও প্রাণবন্ত ছিল। সড়কে এমন তাজা প্রাণের ক্ষয় মেনে নেওয়া যায় না। তাই সড়কে মৃত্যুর মিছিল কমাতে কার্যকর ব্যবস্থা নিতে হবে। মো. রুবেলের অকাল প্রয়ানে তাঁর পরিবারে অবর্ণনীয় দুঃখ-দুর্দশা নেমে এসেছে। তাই যবিপ্রবির পিটিআর পরিবার ও শহীদ মসিয়ূর রহমান হল রুবেলের পরিবারের পাশে দাঁড়িয়েছে। যাঁরা আর্থিক সহায়তার মাধ্যমে রুবেলের পরিবারের পাশে দাঁড়িয়েছেন, আমি তাঁদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এ সময় আরও উপস্থিত ছিলেন ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের প্রভাষক মো. জাহিদ হোসেন, রুবেলের সহপাঠী আহমাদুল্লাহ হিল গালিব, সাকিব আহমেদ, মাফরুহি সাত্তার প্রমুখ।