প্রতিটি সংদসীয় আসনে হাইটেক পার্ক এবং প্রাথমিক স্তরেই প্রযুক্তি শিক্ষা শুরুর উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। একইসঙ্গে মোবাইল কোম্পানির কাছে সরকারের বকেয়া পাওনা আদায়ে জিরো টলারেন্স নীতি অবলম্বনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৬ষ্ঠ বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক উপস্থিত ছিলেন।

এছাড়াও কমিটির সদস্য বেনজীর আহমদ, রেজওয়ান আহাম্মদ তৌফিক, ফাহীম গোলন্দাজ বাবেল, আহমেদ ফিরোজ কবির, মনিরা সুলতানা, জাকিয়া পারভীন খানম এবং অপরাজিতা হক, বিটিআরসি ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মিত্র বৈঠকে অংশগ্রহণ করেন। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব, তথ্যপ্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিবসহ বিভিন্ন সংস্থা প্রধান, মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ ডিজিবাংলা-কে বলেন, বৈঠকে হাইটেক পার্ক এর অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করা হয়। এসময় ৩০০ সংসদীয় আসনেই হাইটেক পার্কের সুবিধা বিস্তৃত করা, প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে কম্পিউটার শিক্ষা চালু এবং মোবাইল কোম্পানিগুলোর বাকেয়া টাকা আদায় নিয়ে আলোচনা হয়েছে।