প্রত্যন্ত অঞ্চলে ৪জি নেটওয়ার্ক ও ঢাকায় আন্ডার গ্রাউন্ড লাইনে গুরুত্ব দিচ্ছে বিটিআরসি

১৩ জুলাই, ২০২০ ১৪:৪৯  
আগামী বছরের মধ্যে দেশে ফাইভজি সেবা চালুর প্রত্যাশা করছেন বিটিআরসি চেয়ারম্যান মো: জহুরুল হক। একইসঙ্গে শিক্ষাকে গুরুত্ব দিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে ৪জি সেবা সম্প্রসারণে নজর দিয়েছেন তিনি। স্মার্ট ঢাকা গড়ে তোলার অংশ হিসেবে সোমবার (১২ জুলাই) সকালে ‘স্মার্ট ল্যাম্প পোস্ট’ কার্যক্রমের ভার্চুয়াল উদ্বোধনী শেষে অনুষ্ঠিত ওয়েবিনারে বক্তব্য দেয়ার সময় এমনটাই জানিয়েছেন বিটিআরসি প্রধান। বিশেষ অতিথির বক্তব্যে জহুরুল হক বলেন, আগামী জানুয়ারিতে ৫জি নিলাম করার পরিকল্পনা থাকলেও করোনা মহামারির কারণে এটা কিছুটা পিছিয়ে যাবে। তবে দ্রুতই ৫জি চালু করা হবে। ডিজিটাল বাংলাদেশের মূল কাজ বিটিআরসি করছে উল্লেখ করে তিনি বলেছেন, এখন বাংলাদেশের সাড়ে ১০ কোটি মানুষের হাতে ইন্টারনেট ব্যবস্থা আছে। এর মধ্যে সাড়ে ৯ কোটি নেট চলে মোবাইলে। এটা বিটিআরসি’র জন্য সম্ভব হয়েছে। তিনি আরো বলেছেন, গত এক সপ্তাহে টেলিফোন অপারেটররা ৪জি নিয়ে যতগুলো এনওসি চেয়েছে আমরা সবগুলোই ছাড় দিয়েছি যাতে প্রত্যন্ত অঞ্চলেও ৪জি ইন্টারনেট ত্বরান্বিত হয়। ডিজিটাল বাংলাদেশের পর ডিজিটাল ঢাকার কথা শুনে অনুপ্রাণিত হয়েছেন জানিয়ে বিটিআরসি চেয়ারম্যান বলেন, ঢাকা জুড়ে তার ছড়িয়ে ছিটিয়ে থাকায় নোংরা দেখায়। ইন্টারনেটের তার এখনো ডিজিটালাইজ করা হয়নি। মাঝে মাঝে এগুলো কেটে দেয়ায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্নতা সৃষ্টি হয়। স্মার্ট ঢাকা গড়তে মেয়রকে এগুলো আন্ডার গ্রাউন্ড করার তাগিদ দেন তিনি। তিনি বলেন, আইএসপি সেবাদাতার ক্ষুদ্র ব্যবসায়ী হওয়ায় তারা এই কাজটি করতে পারে না। তাই তার কাছে আমার সুনির্দিষ্ট প্রস্তাব তাদের জন্য আপনি একটি আন্ডার গ্রাউন্ড লাইন করে দিন। মাসিক ভাড়া দিলে এই খরচ আইএসপিরা দিতে পারবে। এটা করলেই ডিজিটাল ঢাকার ২০ ভাগ হয়ে যাবে। এসময় এ বিষয়ে মেয়রের সঙ্গে যোগাযোগ করে আইএসপি ব্যবসায়ীদের মেয়রের ক্ষমতা ও অর্থ ব্যবহার করে তা ফেরত দেয়ার প্রস্তাবও দেন জহুরুল হক।