নিজস্ব প্রযুক্তির থ্রিডি মডেলে মহামারির মহাসঙ্কট উত্তরণের আশাবাদ পলকের

২৩ মে, ২০২১ ১৭:১০  
নিজস্ব প্রযুক্তির থ্রিডি (ডেটা ড্রিভেন ডিসিশন মেকিং) মডেলে মহামারির মহাসঙ্কট উত্তরণে আশাবাদ ব্যক্ত করেছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। রবিবার জাতীয় পর্যায়ে মাস্ক বিতরণ সমন্বয়ের লক্ষ্যে তৈরিকৃত অনলাইন প্লাটফর্ম ''মাস্ক বিতরণী হাব'' উদ্বোধন ঘোষণার আগে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি। বক্তব্যে ডেটা বিশ্লেষণের মাধ্যমে সঠিক সিদ্ধান্তের গুরুত্ব তুলে ধরেন জুনাইদ আহমেদ পলক। এরমধ্যে এটুআই উদ্ভাবিত এসডিজি ট্র্যাকারের বৈশ্বিক স্বীকৃতি, ন্যাশনাল ডেটা অ্যানালিটিক্স টাস্কফোর্স গঠন করে সংক্রমণ ঠেকানোর ক্ষেত্রে সফলতার কথাও তুলে ধরেন। করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানতে জনগণের সচেতনতা বৃদ্ধি করা এবং সঠিকভাবে মাস্ক ব্যবহার উৎসাহিত করার জন্য সরকারি, বেসরকারি ও ব্যক্তিগত উদ্যোগে মাস্ক বিতরণ সমন্বয়সহ বিভিন্ন গণসচেতনতামূলক পদক্ষেপের অংশ হিসেবে এ অনলাইন ড্যাশবোর্ড ‘Mask Distribution Hub তৈরি করে এটুআই। এজন্য এটুআইকে ধন্যবাদ জানিয়ে প্লাটফর্মটির মাধ্যমে কে বা কোন এলাকায় মাস্ক পড়ছেন বা পড়ছেন না, কোন এলাকায় প্রয়োজন কিংবা সরকারি বেসরকারি  যেসব প্রতিষ্ঠান মাস্ক সরবরাহ করতে চান তার তথ্য ইনপুট দিতে সকল সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী। এসময় সবাইকে ‘মাস্ক পড়ার অ্যাভাসকে দাসে পরিণত করতে’ সবার প্রতি আহ্বান জানান পলক। একইসঙ্গে বাংলাদেশ যেন মাস্ক তৈরির মাধ্যমে বিশ্বে প্রথম হতে পারে সে জন্য সংশ্লিষ্টদের উদ্যোগ নেয়ার পরামর্শ দেন তিনি। তিনি বলেন, গত ১৪টি মাস প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে সীমিত সম্পদ দিয়ে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে বৈশ্বিক করোনা সঙ্কট মোকাবেলার সর্বোচ্চ চেষ্টা করছি। এর সব প্রযুক্তিই দেশে তৈরি হয়েছে। আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন ,প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন এটুআই প্রোগ্রামের পলিসি এভাইজার আনীর চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ডা: মীরজাদী সাবরিনা, এটুআই এর প্রকল্প পরিচালক ড. আবদুল মান্নান, স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো: মুজিবুল হক। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মাঠ প্রশাসন শেখ রফিকুল ইসলাম।