চুয়েট ডায়গনস্টিক ল্যাবে বিনামূল্যে উন্নত স্বাস্থ্যসেবা পাবেন শিক্ষার্থীরা

২০ আগষ্ট, ২০২৩ ১৪:৫৪  

রবিবার থেকে চালু হলো “ চুয়েট ডায়গনস্টিক ল্যাব”। এই ল্যাবে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে এবং শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুলভ মূল্যে বিভিন্ন রোগনির্ণয়ক টেস্ট করার সুবিধা রয়েছে।

প্রথম ধাপে ডেংগু, জন্ডিস, ডায়বেটিস, কিডনি, ব্লাড সুগার, রক্তের হিমোগ্লোবিনসহ ৮টি টেস্ট এবং পরবর্তীতে দ্বিতীয় ধাপে ম্যালেরিয়া, টাইফয়েড, কোলেস্টোরেল, লিভার, হেপাটাইটিস-বি, বাতরোগসহ ১২টি টেস্ট করা যাবে।

রবিবার বিশ্ববিদ্যালয়ের টিএসসি’র ৪র্থ তলায় স্থাপিত ডায়গনস্টিক ল্যাবের উদ্বোধন করেন চুয়েট উপাচার্য ড. মোহাম্মদ রফিকুল আলম। এ সময় প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সুনীল ধর, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন, যন্ত্রকৌশল অনুষদের ডিন ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম, মেডিক্যাল সেন্টারের কো-অর্ডিনেটর ডা. রাণী আকতারসহ বিভিন্ন বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, অফিস প্রধান, ছাত্রকল্যাণ উপ-পরিচালক ও মেডিক্যাল সেন্টারের ডাক্তার উপস্থিত ছিলেন।