একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে চারটি স্মার্টফোনে

২৫ এপ্রিল, ২০২৩ ১৯:২১  

এখন থেকে একই একাউন্ট চারটি ফোনে লগইন করে ব্যবহার করতে পারবেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা। মঙ্গলবার (২৫ এপ্রিল) থেকে এই সুবিধা চালুর কথা জানিয়েছেন হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ।

তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে জানিয়েছেন,  মাল্টি ডিভাইস ফিচারের আওতায় কিউআর কোড স্ক্যান করে একাধিক ফোনে লগইন করা যাবে হোয়াটসঅ্যাপ। শুধু তাই নয়, প্রাইমারি ফোনে ইন্টারনেট সংযোগ না থাকলেও অন্য ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের লিংক ব্যবহার করা যাবে।

প্রসঙ্গত, এতোদিন মাল্টি ডিভাইস ফিচারের আওতায় প্রাইমারি ফোনের পাশাপাশি চারটি ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটারে একই অ্যাকাউন্ট থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যায়। তবে একাধিক ফোনে একই অ্যাকাউন্ট থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুযোগ না মেলায় অনেকেই বেশ সমস্যার মুখোমুখি হতেন। এখন সেই সুবিধা দূর হয়ে চারটি ফোনে একই সঙ্গে লগ ইন করা যাবে। আগামী সপ্তাহের মধ্যে সব ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হবে এই সেবা।

এদিকে স্বয়ংক্রিয়ভাবে মুছে যাওয়া বার্তা সংরক্ষণ করতে ‘কিপ ইন চ্যাট’ সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। এ সুবিধা কাজে লাগিয়ে প্রাপক কোনো বার্তা সংরক্ষণের জন্য বুকমার্ক বা নির্বাচন করলেই তা প্রেরক জানতে পারবেন। প্রেরক বার্তা সংরক্ষণের অনুমতি দিলে নির্দিষ্ট সময়ের পরও বার্তাটি প্রাপকের চ্যাট বক্সে দেখা যাবে। ফলে যেকোনো সময় ডিজঅ্যাপিয়ারিং মেসেজেসের মাধ্যমে পাঠানো এক বা একাধিক বার্তা পড়া যাবে।