আপাতত গ্রামীণফোনের সর্বনিম্ন রিচার্জ ২০ টাকাই থাকছে

১০ জানুয়ারি, ২০২৪ ১৪:৪৭  

গ্রাহকদের মোবাইলফোন রিচার্জের পরিমাণ বাড়িয়ে ৩০ টাকা করা হলেও তা এখনই কার্যকর করছে না গ্রামীণফোন।

বুধবার (১০ জানুয়ারি) গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস শারফুদ্দিন আহমেদ ডিজিবাংলা-কে মেইলে এই তথ্য নিশ্চিত করেছেন। এতে তিনি বলেছেন, "আমরা এটা এখন বাস্তবায়ন করছি না। এ বিষয়ে বিটিআরসি এর সঙ্গে অলোচনা হবে। সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব।

বাস্তবায়নের দিনে কেন স্থগিত করলেন প্রশ্নের জবাবে তিনি বলেন, “সর্বনিম্ন ব্যালান্স রিচার্জ ৩০ টাকা করার যে বিষয়টি আমরা বিবেচনা করেছিলাম, সেই ক্ষেত্রে গ্রাহক সুবিধার্থে বর্তমানে আমাদের আরও বিভিন্ন ধরণের যে রিচার্জ অপশনগুলো রয়েছে যেমন - ১৪ টাকা, ১৯ টাকা এবং ২৯ টাকা রিচার্জে মিনিট প্যাক, ২০ টাকার ব্যালান্স রিচার্জ কার্ড, ১৪ টাকা ও ১৯ টাকার মিনিট ও ডাটা কার্ড, ২৯ টাকার ডাটা কার্ড; সর্বনিম্ন ব্যালান্স রিচার্জ ৩০ টাকা হলেও, অন্যান্য এই অপশনগুলো গ্রাহকরা ব্যবহার করতে পারতেন।"

https://digibanglatech.news/news24x7/local/telecom/120886/?swcfpc=1

এর আগে মঙ্গলবার এসএমএস দিয়ে ও মোবাইল অ্যাপে বুধবার থেকেই গ্রামীণফোনে সর্বনিম্ন রিচার্জ ৩০ টাকা করার ঘোষণা দেয়া হয়। এই ঘোষণা দেয়ার পর হঠাৎ করে রিচার্জ লিমিট বাড়িয়ে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছিলেন গ্রাহক এবং বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনসহ ভোক্তা অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে। ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেন নেটিজেনরা। এরপর এই সিদ্ধান্ত থেকে সরে আসলো অপারেটরটি।