অফিসে বসে কাজ না করলে চাকরি ‘নট’, কর্মীদের সতর্ক করলেন মাস্ক

২ জুন, ২০২২ ১০:১২  
করোনা মহামারিতে অফিসের কাজ চালিয়ে যেতে বাড়ি থেকে কাজ বা ‘ওয়ার্ক ফ্রম হোমের’ রেওয়াজ পৃথিবী জুড়েই প্রভূত জনপ্রিয়তা পেয়েছিল। কিন্তু যখন করোনার দাপট কমতির দিকে গেলেও কর্মীদের অফিসে ফেরানোটা কঠিন হয়ে পড়েছে টেকজায়ন্টা প্রতিষ্ঠানগুলোর পক্ষে। এ জন্য একাধিক পদক্ষেপ করেছে বিভিন্ন সংস্থা। কিন্তু ওয়ার্ক ফ্রম হোমের স্বাচ্ছন্দ ছেড়ে অফিসে ফিরতে নারাজ কর্মীদের একটি অংশ। পরিস্থিতি এমনই যে এ জন্য চাকরি ছাড়তেও দ্বিধা করছেন না অনেকেই। এমন পরিস্থিতিতে অফিসে বসে কাজ না করলে কর্মীকে চাকরিচ্যুতি করার সতর্ক বার্তা দিয়েছেন বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক সংস্থা টেসলা অধিকর্তা ইলন মাস্ক। টুইটার কেনা নিয়ে নাটকীয়তার মধ্যেই নিজের সংস্থার কর্মীদের জন্য জারি করা বার্তায় মাস্ক বলেছেন, এবার থেকে অফিসে এসেই কাজ করতে হবে। যারা অফিসে আসতে চান না, তারা অন্য চাকরি খুঁজে নিন। কর্মীদের ইমেল করে এ কথা জানিয়েছেন ইলন মাস্ক। নেটদুনিয়ায় এরইমধ্যেই ভাইরাল হয়েছে ইলনের সেই ইমেল। যেখানে অফিসে এসে কাজ করার বাধ্যবাধকতা স্মরণ করিয়ে এলন মাস্ক বলেন, যারা অফিসে আসতে অনাগ্রহী, তারা যেন অন্য কোথাও কাজ খুঁজে নেন। টেসলায় বাড়িতে বসে কাজ আর বরদাস্ত করা হবে না। তিনি জানিয়েছেন, সপ্তাহে ৪০ ঘণ্টা অফিসে বসেই কাজ করতে হবে। তারপর আরও কাজ করতে চাইলে, বাড়ি বা অন্য কোথাও বসে তা করা যেতে পারে। এর আগেও কর্মীদের প্রতি এমনই ‘কড়া’ ব্যবহার করে শিরোনামে এসেছিলেন এই শতকোটিপতি। তারই সংস্থা ‘স্পেসএক্স’-এ শিক্ষানবিশদের একটি দলকে লাইন দিয়ে বিনামূল্যের কফি খেতে দেখে এমনই রেগে গিয়েছিলেন, যে সবাইকে ছাঁটাই করার হুমকি পর্যন্ত দিয়েছিলেন।