এপ্রিলে অ্যাপল ইন্টেলিজেন্সে যুক্ত হচ্ছে কয়েকটি ভাষা
অ্যাপল গত সেপ্টেম্বরে আইফোন ১৬ সিরিজের সঙ্গে অ্যাপল ইন্টেলিজেন্স চালু করেছিল, যা অক্টোবরে বাজারে আসে। তবে এটি এখনো সব দেশে চালু নয় এবং বেশিরভাগ অঞ্চলে কেবল ইংরেজি ভাষাতেই কাজ করে। তবে, এপ্রিল মাসে অ্যাপল ইন্টেলিজেন্স আরও কয়েকটি ভাষার সমর্থন পেতে যাচ্ছে। খবর জিএসএম এরিনা।
অ্যাপলের সিইও টিম কুক কোম্পানির ২০২৪ সালের চতুর্থ প্রান্তিকের আয়ের প্রতিবেদনে এই ঘোষণা দেন। তিনি বলেন, “এপ্রিল থেকে অ্যাপল ইন্টেলিজেন্স আরও ভাষায় সমর্থন পাবে, যার মধ্যে রয়েছে ফরাসি, জার্মান, ইতালিয়ান, পর্তুগিজ, স্প্যানিশ, জাপানি, কোরিয়ান এবং চীনা। এছাড়া, সিঙ্গাপুর ও ভারতের স্থানীয় ইংরেজি ভাষাও এতে যুক্ত হবে।”
যদিও কুক তার বক্তব্যে আটটি ভাষার কথা উল্লেখ করেন, অ্যাপলের অফিসিয়াল সাপোর্ট পেজে ভিয়েতনামি ভাষার নামও যুক্ত করা হয়েছে। নতুন ভাষাগুলোর জন্য সমর্থন এপ্রিল মাসে একটি সফটওয়্যার আপডেটের মাধ্যমে যুক্ত করা হবে।
বর্তমানে অ্যাপল ইন্টেলিজেন্স শুধুমাত্র যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকায় ব্যবহার করা যাচ্ছে। এটি ব্যবহার করতে হলে আইফোনে আইওএস ১৮.২ বা পরবর্তী সংস্করণ, আইপ্যাডে আইপ্যাডওএস ১৮.২ বা পরবর্তী সংস্করণ এবং ম্যাক ডিভাইসে ম্যাকওএস সিকিউয়া ১৫.২ বা পরবর্তী সংস্করণ থাকতে হবে।







