মাদক নয়, চুরির জন্য রংপুরে ৪ হত্যা: পুলিশ
চুরি করতে বাড়িতে ঢোকার সময় বাধা পাওয়ার জেরে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের চারজনকে হত্যা করা হয়। ছাদে অপেক্ষমাণ অবস্থায় গণপতি চক্রবর্তী দুই আসামিকে দেখে ফেলায় তাকে প্রথমে শ্বাসরোধ করে হত্যা করা হয়, এরপর একে একে পরিবারের বাকি তিনজনকে হত্যা করা হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জমা দেওয়া অভিযোগপত্রে […] The post মাদক নয়, চুরির জন্য রংপুরে ৪ হত্যা: পুলিশ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

চুরি করতে বাড়িতে ঢোকার সময় বাধা পাওয়ার জেরে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের চারজনকে হত্যা করা হয়। ছাদে অপেক্ষমাণ অবস্থায় গণপতি চক্রবর্তী দুই আসামিকে দেখে ফেলায় তাকে প্রথমে শ্বাসরোধ করে হত্যা করা হয়, এরপর একে একে পরিবারের বাকি তিনজনকে হত্যা করা হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জমা দেওয়া অভিযোগপত্রে এ তথ্য উঠে এসেছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহবুবুর রশীদ বৃহস্পতিবার দুপুর ২টায় নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
তিনি বলেন, আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস এরইমধ্যে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামতের ডিএনএ পরীক্ষায় দুই আসামির ডিএনএ উপস্থিতি পাওয়া গেছে বলেও জানায় পুলিশ।
গোয়েন্দা শাখার উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী সংবাদ সম্মেলনে জানান, গণপতি চক্রবর্তীর বাড়িতে বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকার রয়েছে বলে এলাকায় আলোচনা ছিল। তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তীও স্বর্ণালংকার পরতেন। এসব তথ্যের ভিত্তিতেই দুই আসামি চুরির পরিকল্পনা করেন। তিনি আরও জানান, ঘটনার ১৫ থেকে ১৭ দিন আগেও সিদ্ধার্থ ওই বাড়িতে ঢুকেছিলেন এবং পরিবারের সদস্যদের হাতে ধরা পড়েন। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ ছাড়া সিদ্ধার্থ ও মুগ্ধ এর আগে পাশের তাতিপাড়া এলাকায় চুরি করতে গিয়ে ধরা পড়েছিলেন বলেও তদন্তে তথ্য পাওয়া গেছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ২১ আগস্ট রাতে চুরির উদ্দেশে দুই আসামি গণপতি চক্রবর্তীর বাড়িতে যান। বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তারা ছাদে অপেক্ষা করছিলেন এবং এ সময় ইয়াবা সেবন করেন। একপর্যায়ে ছাদের শব্দ শুনে গণপতি চক্রবর্তী সেখানে গেলে তাদের দেখে ফেলেন। তখন তার গলায় থাকা গামছা দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়। পরে শব্দ শুনে ছাদে আসেন গণপতির স্ত্রী প্রীতিলতা ও মেয়ে আগমী চক্রবর্তী। পুলিশের দাবি, দুই আসামি তাদেরও হত্যা করেন। এরপর বাড়ির ভেতরে গিয়ে ১২ বছর বয়সী ছেলে আয়ুশ চক্রবর্তীকে হত্যা করা হয়। আগমীকে হত্যার সময় ধস্তাধস্তি হয় এবং পরে সিদ্ধার্থের শরীরে আঁচড়ের চিহ্ন পাওয়া যায়।
উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী জানান, হত্যার পর বাড়ির বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে কিছু স্বর্ণালংকার, ইমিটেশনের গয়না ও নগদ টাকা নিয়ে যান আসামিরা। তাদের ভাষ্য অনুযায়ী নগদ টাকার পরিমাণ ছিল প্রায় ১৫ হাজার টাকা। পরে সিদ্ধার্থের কাকা বিনয়ের বাড়ি থেকে তাদের দেখানো মতে স্বর্ণালংকার উদ্ধার করা হয়। তদন্তে ঘটনাস্থল থেকে সংগ্রহ করা প্রায় ৩৫টি নমুনা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। পুলিশের দাবি, খেজুর, শসা, সিগারেটের অবশিষ্টাংশ ও বোতলের ক্যাপসহ বিভিন্ন আলামতে দুই আসামির ডিএনএ পাওয়া গেছে। এসব নমুনায় পরিবারের ছয় সদস্য ও দুই আসামির বাইরে অন্য কোনো ব্যক্তির ডিএনএর উপস্থিতি পাওয়া যায়নি।
পুলিশ আরও জানায়, গণপতি চক্রবর্তীর অবসরকালীন অর্থ নিয়ে এলাকায় ৫০ থেকে ৬০ লাখ টাকা পাওয়ার আলোচনা ছিল। তবে তদন্তে দেখা গেছে, তিনি অবসরকালীন প্রায় ২০ লাখ টাকা পেয়েছিলেন এবং সেই অর্থ সোনালী ব্যাংকের দুটি হিসাবে জমা রয়েছে। হিসাব দুটি বর্তমানে জব্দ অবস্থায় রয়েছে। মামলার তদন্ত শেষে অভিযোগপত্রে ৫৩ জন সাক্ষী ও ৬৬টি আলামত অন্তর্ভুক্ত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
অন্যদিকে, পুলিশের দেওয়া ব্যাখ্যা মানতে রাজি নন নিহত গণপতির বড় ভাই ও মামলার বাদী গোপীনাথ চক্রবর্তী। তিনি বলেন, ‘টাকা চুরির জন্য চারজনকে হত্যা করা হয়েছে, এটা খোঁড়া অজুহাত। এর পেছনে আরও শক্তিশালী কেউ আছে। শুরু থেকেই বলে আসছি-দুইজনের পক্ষে চারজনকে হত্যা করা সম্ভব নয়। আমরা সুষ্ঠু তদন্ত ও প্রকৃত অপরাধীদের শনাক্ত করার দাবি জানিয়েছি। কিন্তু আমাদের কথা গুরুত্ব পায়নি।’
উল্লেখ্য, ঘটনার পরপর তৎকালীন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ সংবাদ সম্মেলনে যে বর্ণনা দিয়েছিলেন, তার সঙ্গে বর্তমান চার্জশিটের ভাষ্যের কিছুটা পার্থক্য থাকায় তদন্ত নিয়ে প্রশ্ন উঠেছে। সে সময় পুলিশ বলেছিল, গণপতি চক্রবর্তী ছাদে গিয়ে দুই আসামিকে ইয়াবা সেবনের বিষয়ে প্রশ্ন করলে তারা তাকে হত্যা করে। কিন্তু বর্তমান তদন্তে উদ্দেশ্য হিসেবে চুরির পরিকল্পনাকে প্রাধান্য দেওয়া হয়েছে। এ ছাড়া ডোপ টেস্টে দুই আসামির শরীরে মাদক সেবনের প্রমাণ মেলেনি বলেও জানা গেছে।
মামলার তদন্ত শেষে অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়েছে। পুলিশ কমিশনার জানান, এখনো বিচার কার্যক্রম শুরু হয়নি। প্রথমে অভিযোগপত্রের ওপর শুনানি হবে, এরপর অভিযোগ গঠন করা হবে। তারপর বিচার কার্যক্রম শুরু হলে আদালতের পর্যবেক্ষণের বিষয়টি জানা যাবে
The post মাদক নয়, চুরির জন্য রংপুরে ৪ হত্যা: পুলিশ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





