হাসপাতালে বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
উন্নত চিকিৎসা প্রযুক্তি দেশে আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী
- দেশে বিশ্বমানের আধুনিক চিকিৎসাসেবা প্রদানে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন
- পলিসিস্টিক ওভারি সিনড্রোমের (পিসিওএস) কারণে দেশে বন্ধ্যাত্ব বাড়ছে, দেশে ৮ থেকে ১০ শতাংশ নারী এতে আক্রান্ত
- বন্ধ্যাত্ব দূরীকরণে চীনসহ উন্নত দেশগুলোর সর্বাধুনিক প্রযুক্তি ও চিকিৎসাসেবা দ্রুত দেশে আনার উদ্যোগ
দেশের হাসপাতালগুলোতে সর্বাধুনিক প্রযুক্তি ও উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। আজ রোববার (২০ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজে আয়োজিত 'পলিসিস্টিক ওভারি সিনড্রোম (পিসিওএস) সচেতনতা সপ্তাহ' উপলক্ষে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, নারীদের হরমোনজনিত ও বিপাকীয় জটিলতা ‘পলিসিস্টিক ওভারি সিনড্রোম’-এর কারণে দেশে বন্ধ্যাত্বের হার আশঙ্কাজনকভাবে বাড়ছে। সেমিনারের তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশে প্রতি ১০০ জন নারীর মধ্যে ৮ থেকে ১০ জন এই সমস্যায় ভুগছেন। বিশ্বের বিভিন্ন উন্নত দেশে আধুনিক চিকিৎসা প্রযুক্তির সহায়তায় আক্রান্ত নারীদের সন্তান ধারণের কার্যকর সুযোগ তৈরি হয়েছে।
তিনি আরও জানান, উন্নত ও আধুনিক চিকিৎসার সুযোগ তৈরি করতে দ্রুতই চীনসহ প্রযুক্তিসমৃদ্ধ দেশগুলো থেকে আধুনিক চিকিৎসাপ্রযুক্তি দেশে আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে ইতোমধ্যে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ ও সমন্বয় শুরু হয়েছে। সরকারের লক্ষ্য বিশ্বমানের চিকিৎসাসেবা দেশের সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।
//ডিবিটেক/ইটিও/বিপিও//





