প্রচলিত আইন ও প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে ফেরানো হবে: তথ্যমন্ত্রী
ঢাকা: দেশের প্রচলিত আইন ও ভারতের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুসরণ করেই পলাতক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেছেন, এর বাইরে ভিন্ন কোনো উপায়ে বা অযৌক্তিক শর্তে তার দেশে ফেরার সুযোগ নেই। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে উইমেন জার্নালিস্ট […] The post প্রচলিত আইন ও প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে ফেরানো হবে: তথ্যমন্ত্রী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: দেশের প্রচলিত আইন ও ভারতের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুসরণ করেই পলাতক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেছেন, এর বাইরে ভিন্ন কোনো উপায়ে বা অযৌক্তিক শর্তে তার দেশে ফেরার সুযোগ নেই।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে উইমেন জার্নালিস্ট ফোরামের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনা বিদেশে অবস্থান করছেন। দেশের প্রচলিত আইনের মাধ্যমেই তাকে ফিরিয়ে আনতে চায় সরকার। তিনি বিমানে আসবেন, নাকি সীমান্ত দিয়ে আসবেন—এ নিয়ে আওয়ামী লীগের নেতারাই বিভ্রান্তি ছড়াচ্ছেন। বাস্তবে দেশে ফেরার কোনো পদক্ষেপ তিনি নেননি। রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক থাকার কৌশল হিসেবেই নিষিদ্ধ ঘোষিত সংগঠনটি এসব গুজব ও আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে।
আওয়ামী লীগের সাম্প্রতিক তৎপরতা প্রসঙ্গে তিনি বলেন, এগুলো রাজনৈতিক কর্মকাণ্ড নয়, বরং সন্ত্রাসী কর্মকাণ্ড। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও অর্থনৈতিক স্থিতিশীলতা থেকে জনগণের দৃষ্টি সরাতেই অস্থিরতা তৈরির চেষ্টা চলছে।
এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, জনগণের অর্থ লুটপাট ও গণহত্যার অভিযোগের মুখে দেশ ছেড়ে যাওয়া শেখ হাসিনার ব্যক্তিগত বক্তব্য বা কৌশলের চেয়ে দেশের উন্নয়ন ও নিরাপত্তা সরকারের কাছে বেশি গুরুত্বপূর্ণ। প্রচলিত আইন ও প্রত্যর্পণ চুক্তি অনুসরণ করেই তাঁকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।
ভারতের গণমাধ্যমে বাংলাদেশবিরোধী প্রচারণার বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ভারতের কিছু গণমাধ্যম ও রাজনৈতিক মহল বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক সংঘাতকে সাম্প্রদায়িক কিংবা হিন্দু-মুসলমান ইস্যু হিসেবে উপস্থাপনের চেষ্টা করছে। এটি তাদের অভ্যন্তরীণ রাজনীতিতে ফায়দা নেওয়ার কৌশল।
এর আগে একই অনুষ্ঠানে গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করার কোনো ইচ্ছা সরকারের নেই। গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
তিনি বলেন, সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং মতপ্রকাশের স্বাধীনতার মধ্যে ভারসাম্য বজায় রেখে সরকার গণমাধ্যমকে সহযোগিতা করতে চায়। ভবিষ্যতে কোনো সরকার যাতে রাজনৈতিক উদ্দেশ্যে আইনের অপব্যবহার করতে না পারে, সেটিও বিবেচনায় রাখা হচ্ছে।
সাংবাদিকদের বেতন-ভাতা ও চাকরির নিরাপত্তা, ওয়েজ বোর্ড বাস্তবায়ন, গণমাধ্যম কমিশন গঠন, অনলাইন সংবাদমাধ্যমের নিবন্ধন এবং মফস্বল সাংবাদিকদের পেশাগত সংকটসহ বিভিন্ন বিষয় সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলেও জানান তিনি।
মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, উইমেন জার্নালিস্ট ফোরামের উপদেষ্টা মমতাজ বিলকিস বানু, সভাপতি ফাহমিদা আহমদ, সাধারণ সম্পাদক লাবিন রহমানসহ সংগঠনটির নেতারা উপস্থিত ছিলেন।
The post প্রচলিত আইন ও প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে ফেরানো হবে: তথ্যমন্ত্রী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





