বাংলাদেশসহ ১৪ দেশের বাণিজ্য নীতি খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র
বাংলাদেশসহ ১৪টি দেশের বাণিজ্য নীতি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এসব দেশের অর্থনীতির শিল্প উৎপাদনে কাঠামোগত অতিরিক্ত সক্ষমতা ও উৎপাদনসংক্রান্ত নীতি ও চর্চা পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দফতর (ইউএসটিআর) এক বিবৃতিতে এ তথ্য জানায়। একই সঙ্গে বাংলাদেশের শিল্পনীতি, উৎপাদন ও রফতানি প্রণোদনা, শ্রম অধিকার এবং আর্থিক […] The post বাংলাদেশসহ ১৪ দেশের বাণিজ্য নীতি খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

বাংলাদেশসহ ১৪টি দেশের বাণিজ্য নীতি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এসব দেশের অর্থনীতির শিল্প উৎপাদনে কাঠামোগত অতিরিক্ত সক্ষমতা ও উৎপাদনসংক্রান্ত নীতি ও চর্চা পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দফতর (ইউএসটিআর) এক বিবৃতিতে এ তথ্য জানায়।
একই সঙ্গে বাংলাদেশের শিল্পনীতি, উৎপাদন ও রফতানি প্রণোদনা, শ্রম অধিকার এবং আর্থিক নীতিকে যুক্তরাষ্ট্রের বাণিজ্যের জন্য অযৌক্তিক ও প্রতিবন্ধক হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক ও অ্যাপারেল খাতকে কেন্দ্র করে উদ্বেগ প্রকাশ করেছে দেশটি।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জামিসন গ্রিয়ার জানিয়েছেন, এসব অর্থনীতির বিভিন্ন নীতি ও চর্চা যুক্তরাষ্ট্রের বাণিজ্যকে ক্ষতিগ্রস্ত বা সীমিত করছে। এ কারণে সেগুলো সেকশন ৩০১-এর আওতায় ব্যবস্থা নেওয়ার উপযোগী বলে বিবেচিত হয়েছে।
বাংলাদেশ ছাড়াও তালিকায় রয়েছে চীন, ইউরোপীয় ইউনিয়ন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, জাপান ও ভারত। তবে মেক্সিকো ও নরওয়ের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি যুক্তরাষ্ট্র।
বাংলাদেশের ক্ষেত্রে ইউএসটিআর পাঁচটি বিষয়কে আপত্তিকর নীতি ও চর্চা হিসেবে উল্লেখ করেছে। এগুলো, শিল্প খাতের সক্ষমতা বজায় রাখা ও সম্প্রসারণের পরিকল্পনা, বিশেষ করে গুরুত্বপূর্ণ উৎপাদন খাতে; উৎপাদন ও রফতানি বাড়াতে বিভিন্ন প্রণোদনা; শ্রমিকদের সুরক্ষায় অপর্যাপ্ত ব্যবস্থা; আর্থিক খাতে নিয়ন্ত্রণমূলক নীতি এবং বৈশ্বিক অতিরিক্ত উৎপাদন সক্ষমতা মোকাবিলায় ব্যর্থতা।
এ ছাড়া বাজারভিত্তিক নয়, এমন অর্থনীতি থেকে আমদানি ও প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের বিষয়টিও যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইউএসটিআরের মূল্যায়ন অনুযায়ী, বাংলাদেশের এসব নীতি ও চর্চার কারণে বাংলাদেশ ও তৃতীয় দেশের বাজারে মার্কিন উৎপাদক ও রপ্তানিকারকদের বাণিজ্যিক সুযোগ কমছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের উৎপাদন, রফতানি, কর্মসংস্থান ও বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি বাজারভিত্তিক নয়, এমন অর্থনীতি থেকে আসা উপকরণের ওপর নির্ভরতার কারণে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিরাপত্তা ঝুঁকিও বাড়ছে।
প্রতিবেদনে বিশেষভাবে বাংলাদেশের তৈরি পোশাক ও অ্যাপারেল খাতের কথা উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের রফতানি আয়ের অন্যতম প্রধান উৎস তৈরি পোশাকশিল্প হওয়ায় যুক্তরাষ্ট্রের এই মূল্যায়ন দেশের পোশাক খাতের বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ।
বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জামিসন গ্রিয়ার বলেন, কয়েক দশক ধরে বিভিন্ন বাণিজ্য অংশীদার উৎপাদন খাতকে লক্ষ্য করে শিল্প কৌশল গ্রহণ করেছে। এসব কৌশলের মধ্যে রয়েছে উৎপাদন লক্ষ্য নির্ধারণ, মজুরি ও শ্রম অধিকার খর্ব করা, আর্থিক ও অন্যান্য সহায়তা এবং বাজারবহির্ভূত অর্থনীতি থেকে উপকরণ সংগ্রহ। এর ফলে বৈশ্বিক বাণিজ্যে ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে এবং যুক্তরাষ্ট্রের উৎপাদনভিত্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
গ্রিয়ার আরও বলেন, জি-৭, জি-২০ ও বিশ্ব বাণিজ্য সংস্থাসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে এ বিষয়ে ধারাবাহিক আলোচনা হলেও প্রত্যাশিত পরিবর্তন আসেনি। তাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব অন্যায্য নীতি ও চর্চা দূর করতে পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নিয়েছেন।
সেকশন ৩০১-এর আওতায় তদন্তে কোনো দেশের নীতি বা চর্চাকে যুক্তরাষ্ট্রের বাণিজ্যের জন্য ক্ষতিকর হিসেবে চিহ্নিত করা হলে পরবর্তী সময়ে শুল্কসহ বিভিন্ন বাণিজ্যিক পদক্ষেপ নেওয়ার সুযোগ থাকে।
ইউএসটিআরের ঘোষণায় বাংলাদেশের বিরুদ্ধে নির্দিষ্ট কোনো শুল্ক আরোপের কথা বলা হয়নি।
The post বাংলাদেশসহ ১৪ দেশের বাণিজ্য নীতি খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





