রাজনৈতিক প্রভাব ও যোগসাজশে ঢাকার আবাসন খাতে মাফিয়াতন্ত্র: টিআইবি
ঢাকা: রাজনৈতিক প্রভাব, মধ্যস্বত্বভোগী ও প্রশাসনের একাংশের যোগসাজশে বেসরকারি আবাসন খাতে এক ধরনের মাফিয়াতন্ত্র গড়ে উঠেছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবি আয়োজিত ‘ঢাকা শহরে বেসরকারি আবাসন খাতে ভূমি উন্নয়নে সুশাসনের চ্যালেঞ্জ’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন […] The post রাজনৈতিক প্রভাব ও যোগসাজশে ঢাকার আবাসন খাতে মাফিয়াতন্ত্র: টিআইবি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: রাজনৈতিক প্রভাব, মধ্যস্বত্বভোগী ও প্রশাসনের একাংশের যোগসাজশে বেসরকারি আবাসন খাতে এক ধরনের মাফিয়াতন্ত্র গড়ে উঠেছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবি আয়োজিত ‘ঢাকা শহরে বেসরকারি আবাসন খাতে ভূমি উন্নয়নে সুশাসনের চ্যালেঞ্জ’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
টিআইবি নির্বাহী পরিচালক বলেন, এই গোষ্ঠীগুলো শুধু ব্যবসায়িক কার্যক্রমেই প্রভাব বিস্তার করছে না, নীতিনির্ধারণী কাঠামোকেও প্রভাবিত করছে। ফলে আবাসন খাতে দুর্নীতি, অনিয়ম, জবরদখল ও প্রতারণা বাড়ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ জমি ও প্লটের ক্রেতারা। আবাসনের ক্রমবর্ধমান চাহিদা পূরণে রাষ্ট্র ব্যর্থ হওয়ায় বেসরকারি আবাসন খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নাগরিকের আশ্রয় ও আবাসনের সুযোগ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু রাষ্ট্র এককভাবে এই চাহিদা পূরণ করতে পারেনি। ফলে তৈরি হওয়া শূন্যস্থান পূরণে বেসরকারি উদ্যোক্তারা এগিয়ে এসেছেন। অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও জাতীয় অর্থনীতিতেও এ খাতের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। জাতীয় অর্থনীতিতে আবাসন খাতের অবদান প্রায় ১ লাখ ৩৭ হাজার কোটি টাকা। তবে ইতিবাচক অবদানের পাশাপাশি এ খাতের একাংশে দুর্নীতি, অনিয়ম, হয়রানি, জবরদখল ও অর্থ আত্মসাতের ঘটনাও রয়েছে।
ইফতেখারুজ্জামান বলেন, টিআইবির গবেষণায় রিয়েল এস্টেট খাতের সুশাসনের ছয়টি নির্দেশক—আইনের শাসন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও কার্যকারিতা, স্বচ্ছতা, অংশগ্রহণ ও অংশীজনদের সম্পৃক্ততা, জবাবদিহি এবং দুর্নীতি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ—প্রতিটি ক্ষেত্রেই ব্যাপক ঘাটতি পাওয়া গেছে। কিছু প্রতিষ্ঠান আইএসও বা লিড সনদপ্রাপ্ত হওয়ার দাবি করলেও সামগ্রিকভাবে আইনের যথাযথ প্রয়োগ, তথ্য প্রকাশ, স্বচ্ছতা ও জবাবদিহির অভাব রয়েছে। তবে এসব ঘাটতি সব প্রতিষ্ঠানের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য নয়।
তিনি বলেন, রিয়েল এস্টেট খাত নিয়ন্ত্রণে আইন থাকলেও সেগুলোর মধ্যে ঘাটতি রয়েছে। আবার বিদ্যমান আইনেরও যথাযথ প্রয়োগ হচ্ছে না। আইনের দুর্বলতা ও প্রয়োগের ঘাটতির সুযোগে প্রতিষ্ঠানগুলোর একটি অংশ অনিয়ন্ত্রিত ও জবাবদিহিহীনভাবে ব্যবসা পরিচালনা করছে। এ ক্ষেত্রে নিয়ন্ত্রণকারী সংস্থা, প্রশাসনের একাংশ এবং ইউটিলিটি কর্তৃপক্ষের মধ্যেও স্বচ্ছতা, সক্ষমতা ও সদিচ্ছার অভাব রয়েছে। কোথাও কোথাও সংশ্লিষ্ট পক্ষগুলোর যোগসাজশে অনিয়ম ও প্রতারণা সংঘটিত হচ্ছে।
প্রকল্পের স্থান নির্বাচন, জমি নির্ধারণ ও ক্রয়, জমি দখল, প্রকল্পের অনুমোদন, বাস্তবায়ন এবং প্লট হস্তান্তর—পুরো প্রক্রিয়ায় পদ্ধতিগত দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের দৃষ্টান্ত পাওয়া গেছে জানিয়ে ড. ইফতেখারুজ্জামান বলেন, এসব অনিয়ম অনেক ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। ফলে সাধারণ ক্রেতারা কার্যত আবাসন প্রতিষ্ঠানগুলোর কাছে জিম্মি হয়ে পড়ছেন। জমির মালিক ও প্লট কিনতে আগ্রহী ব্যক্তিদের অধিকারও বিভিন্নভাবে ক্ষুণ্ন হচ্ছে।
তিনি আরও বলেন, রাজনৈতিক ছত্রচ্ছায়া, মধ্যস্বত্বভোগী এবং ভূমি দখলকেন্দ্রিক স্বার্থান্বেষী গোষ্ঠীর সঙ্গে প্রশাসনের একটি অংশের যোগসাজশে মাফিয়াতন্ত্র গড়ে উঠেছে। এসব গোষ্ঠী নীতিনির্ধারণী কাঠামোয় প্রভাব বিস্তার করছে। কালো টাকা বৈধ করার সুযোগ সৃষ্টিতেও রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের প্রভাবশালী অংশের ভূমিকা রয়েছে বলে গবেষণায় উঠে এসেছে।
সংবাদ সম্মেলনে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন টিআইবি’র গবেষক অতানু দাস। তিনি জানান, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত তথ্য সংগ্রহ করে গবেষণাটি সম্পন্ন হয়েছে। এতে রিয়েল এস্টেট কোম্পানি, প্লটের ক্রেতা ও মালিক, সাবেক প্লট মালিক, ভূমি বিক্রেতা এবং সংশ্লিষ্ট সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সম্পৃক্ত করা হয়েছে। ল্যান্ড ডেভেলপারস অ্যাসোসিয়েশনে নিবন্ধিত ৩৫০টির বেশি প্রতিষ্ঠানের মধ্য থেকে ৫০টি প্রতিষ্ঠানের বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়। এর মধ্যে ২০টি প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য নেওয়া সম্ভব হয়েছে।
অতানু দাস বলেন, এই গবেষণা পুরো আবাসন খাত নিয়ে নয়; শুধু ঢাকা শহরে ভূমি উন্নয়ন কার্যক্রমে নিয়োজিত বেসরকারি আবাসন প্রতিষ্ঠানগুলোর সুশাসনসংক্রান্ত বিষয় পর্যালোচনা করা হয়েছে। গ্রাহক হয়রানি, দুর্নীতি, অনিয়ম, জবরদখল ও অর্থ আত্মসাতের অভিযোগ দীর্ঘদিনের হলেও সুশাসনের দৃষ্টিকোণ থেকে এ বিষয়ে আগে এ ধরনের সমন্বিত গবেষণা হয়নি।
The post রাজনৈতিক প্রভাব ও যোগসাজশে ঢাকার আবাসন খাতে মাফিয়াতন্ত্র: টিআইবি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





