সিলেটের মণিপুরী পল্লিতে ঘরে ঘরে নৃত্যের আওয়াজ

সিলেট: দিনপঞ্জিতে নভেম্বরের পাতা উল্টাতেই শুরু হয় প্রতীক্ষার প্রহর। বিকেল হলেই মণিপুরি পল্লিগুলোতে ভেসে আসে মৃদঙ্গের তাল, মণিপুরি গান আর নৃত্যের ছন্দ। কোথাও রাখালনৃত্য, কোথাও মহারাসের মহড়া। বাড়ির উঠান থেকে মণ্ডপ—সবখানেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ১৮৪ বছরের ঐতিহ্যবাহী মহারাসলীলা উৎসবকে ঘিরে মৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরি অধ্যুষিত এলাকাগুলো এখন উৎসবমুখর। আগামীকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) পূর্ণিমার রাতে অনুষ্ঠিত […] The post সিলেটের মণিপুরী পল্লিতে ঘরে ঘরে নৃত্যের আওয়াজ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

সিলেটের মণিপুরী পল্লিতে ঘরে ঘরে নৃত্যের আওয়াজ
২৪ নভেম্বর, ২০২৬ ০০:০০  

সিলেট: দিনপঞ্জিতে নভেম্বরের পাতা উল্টাতেই শুরু হয় প্রতীক্ষার প্রহর। বিকেল হলেই মণিপুরি পল্লিগুলোতে ভেসে আসে মৃদঙ্গের তাল, মণিপুরি গান আর নৃত্যের ছন্দ। কোথাও রাখালনৃত্য, কোথাও মহারাসের মহড়া। বাড়ির উঠান থেকে মণ্ডপ—সবখানেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ১৮৪ বছরের ঐতিহ্যবাহী মহারাসলীলা উৎসবকে ঘিরে মৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরি অধ্যুষিত এলাকাগুলো এখন উৎসবমুখর।

আগামীকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) পূর্ণিমার রাতে অনুষ্ঠিত হবে মণিপুরি সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন মহারাসলীলা উৎসব। এবার কমলগঞ্জের দুটি স্থানে পৃথকভাবে উদ্‌যাপিত হবে এই উৎসব। মাধবপুরের জোড়া মণ্ডপে বিষ্ণুপ্রিয়া মণিপুরি সম্প্রদায় আয়োজন করছে ১৮৪তম মহারাস উৎসব। অন্যদিকে আদমপুরের মণিপুরি কালচারাল কমপ্লেক্সে মৈতেই মণিপুরি সম্প্রদায়ের ৪১তম মহারাস উৎসব অনুষ্ঠিত হবে।

নাচ-গানের মহড়ায় ব্যস্ত শিল্পীরা

পূর্ণিমার রাতের অপেক্ষায় মণিপুরি পল্লির শিশু-কিশোর থেকে শুরু করে তরুণ-তরুণীরা। পাড়ায় পাড়ায় চলছে গোষ্ঠলীলা ও মহারাস নৃত্যের অনুশীলন। কেউ শিখছে রাখালনৃত্যের পদক্ষেপ, কেউ আয়ত্ত করছে রাসনৃত্যের নানা মুদ্রা ও কৌশল।

মহড়ায় অংশ নেওয়া শান্তা সিনহা বলেন, মহারাস তাঁদের সবচেয়ে বড় আয়োজন। এর মাধ্যমে নিজেদের সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে ঐতিহ্য ধরে রাখার চর্চা হয়।

ছোটবেলা থেকেই মণিপুরি নৃত্যের সঙ্গে পরিচয় প্রিয়াঙ্কা সিনহার। তাঁর কাছে মহারাস কেবল ধর্মীয় আয়োজন নয়, নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ারও উপলক্ষ। তিনি বলেন, ‘মহারাস আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব। এটি শুধু আমাদের সংস্কৃতি তুলে ধরার সুযোগ নয়, নতুন প্রজন্মের কাছে ঐতিহ্য পৌঁছে দেওয়ারও একটি মাধ্যম।’

নৃত্য প্রশিক্ষক অনীরা সিনহার ব্যস্ততাও এখন তুঙ্গে। তিনি জানান, শিশু-কিশোরদের নিয়ে মহারাসের প্রস্তুতি সাধারণত এক মাস আগে থেকেই শুরু হয়। নতুন ও অভিজ্ঞ—দুই ধরনের শিল্পীরাই মহড়ায় অংশ নিচ্ছেন। প্রতিদিন বিকেল থেকে গভীর রাত পর্যন্ত চলে অনুশীলন। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

দিনে রাখালনৃত্য, রাতে মহারাসলীলা

মাধবপুর মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের সূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় শুরু হবে উৎসবের আনুষ্ঠানিকতা। শিববাড়ি ও জোড়া মণ্ডপে পরিবেশিত হবে ‘গোষ্ঠলীলা’ বা ‘রাখালনৃত্য’। শিশু শিল্পীরা শ্রীকৃষ্ণ ও তাঁর রাখাল বন্ধুদের সাজে বন্ধুত্ব ও বাৎসল্য রসের বিভিন্ন দিক তুলে ধরবে।

দিনভর চলবে এই পরিবেশনা। সন্ধ্যায় গোষ্ঠলীলা শেষে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর রাত ১১টায় জোড়া মণ্ডপে শুরু হবে মহারাসের প্রধান আকর্ষণ রাসনৃত্য। রাধা, কৃষ্ণ ও গোপীদের মধ্যকার দিব্য প্রেমলীলা নৃত্য ও সংগীতের মাধ্যমে ফুটিয়ে তুলবেন শিল্পীরা। রাত পেরিয়ে ভোর পর্যন্ত চলবে এই পরিবেশনা। আয়োজকদের তথ্য অনুযায়ী, মাধবপুরের তিনটি পৃথক মণ্ডপে রাসলীলা পরিবেশিত হবে।

১৮৪ বছরের ঐতিহ্যের ধারাবাহিকতা

মণিপুরি সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব রাসপূর্ণিমা বা রাস উৎসব। উৎসবের দুটি পর্ব—দিনের বেলায় রাখালরাস এবং রাতে মহারাস।

ইতিহাস অনুযায়ী, ১৭৭৯ সালে মণিপুরের তৎকালীন মহারাজা ভাগ্যচন্দ্র অগ্রহায়ণ মাসের শুক্লা পূর্ণিমায় প্রথম মহারাসলীলা উৎসবের প্রবর্তন করেন। পরবর্তী সময়ে গৌড়ীয় বৈষ্ণব ধর্মাবলম্বী মণিপুরিদের প্রধান ধর্মীয় মহোৎসব হিসেবে শ্রীকৃষ্ণের মহারাসলীলা পালিত হয়ে আসছে।

মণিপুরের বাইরে ১৮৪২ সালে কমলগঞ্জের মাধবপুরে প্রথমবারের মতো মহারাস উৎসব উদ্‌যাপিত হয়। সেই থেকে প্রজন্মের পর প্রজন্ম ধরে স্থানীয় মণিপুরি সম্প্রদায়ের মানুষ এই আয়োজনের ধারাবাহিকতা রক্ষা করে আসছেন।

মণিপুরি কালচার একাডেমির সাবেক সাধারণ সম্পাদক রবিকিরণ সিংহ রাজেশ জানান, মহারাস এখন মণিপুরি সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাস, সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। শ্রীকৃষ্ণ, রাধা ও গোপীদের মধ্যকার দিব্য প্রেমই এই উৎসবের মূল উপজীব্য। নৃত্য, সংগীত ও ভক্তিপূর্ণ পরিবেশনার মধ্য দিয়ে শিল্পীরা সেই প্রেমলীলা তুলে ধরেন।

নিরাপত্তায় প্রশাসনের প্রস্তুতি

উৎসবকে ঘিরে শিল্পী ও আয়োজকদের প্রস্তুতির পাশাপাশি নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। মহারাসলীলা নির্বিঘ্নে সম্পন্ন করতে জেলা প্রশাসন, পুলিশ ও উপজেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন আয়োজকেরা।

মাধবপুর মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের সভাপতি অ্যাডভোকেট চাদমুরারি সিংহ স্বপন বলেন, ১৮৪তম মহারাস উৎসবের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এবারের উৎসবে বিদেশি পর্যটকদের আগমন হবে। তাঁদের জন্য বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ দল মাঠে কাজ করবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দীপ তালুকদার জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রশাসনের পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

মৃদঙ্গ, করতাল ও শঙ্খধ্বনি, নৃত্য-গীত আর রাধাকৃষ্ণের লীলাকীর্তনে মঙ্গলবার মুখর হয়ে উঠবে মণিপুরি পল্লি। ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি ১৮৪ বছরের সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ করে মহারাস আবারও মিলনমেলায় পরিণত হবে কমলগঞ্জের মণিপুরি অধ্যুষিত এলাকাগুলোতে।

The post সিলেটের মণিপুরী পল্লিতে ঘরে ঘরে নৃত্যের আওয়াজ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.