পলাতক থেকেও দেশে নাশকতা ও অগ্নিসন্ত্রাস চালাচ্ছেন শেখ হাসিনা: রিজভী
ঢাকা: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি অব্যাহত রেখেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তার দাবি, পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েও তিনি ক্ষমতার মোহে দেশে অগ্নিসন্ত্রাস ও নাশকতা চালাচ্ছেন। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান […] The post পলাতক থেকেও দেশে নাশকতা ও অগ্নিসন্ত্রাস চালাচ্ছেন শেখ হাসিনা: রিজভী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি অব্যাহত রেখেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তার দাবি, পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েও তিনি ক্ষমতার মোহে দেশে অগ্নিসন্ত্রাস ও নাশকতা চালাচ্ছেন।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরদের দেশব্যাপী পরিকল্পিত নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে’ অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) এই সমাবেশের আয়োজন করে।
সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, দেশের মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার হরণ করে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। কিন্তু পালিয়ে যাওয়ার পরও তাঁর হিংসাত্মক আচরণের কোনো পরিবর্তন হয়নি। গত ১৭ বছর ক্ষমতায় থাকাকালে তিনি দমন-পীড়নের যে নীতি প্রয়োগ করেছেন, এখনো দেশের বাইরে বসে ঠিক সেই নীতিই বাস্তবায়নের চেষ্টা করছেন।
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন স্থানে ঘটে যাওয়া নাশকতার চিত্র তুলে ধরে বিএনপির এই শীর্ষ নেতা দাবি করেন, পরিকল্পিতভাবে বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর, যানবাহন, দেশের অর্থনীতির চালিকাশক্তি পোশাক কারখানা এবং পুলিশের স্থাপনায় আগুন দেওয়া হচ্ছে। এসব কর্মকাণ্ডের অর্থায়ন প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, বিগত শাসনামলে বিদেশে পাচার করা অর্থ থেকে মোবাইল ব্যাংকিংয়ের (বিকাশ) মাধ্যমে দেশে টাকা পাঠানো হচ্ছে এবং সেই অর্থ দিয়ে দেশে ঘাপটি মেরে থাকা সন্ত্রাসীদের মাধ্যমে এসব তাণ্ডব চালানো হচ্ছে।
বর্তমান সরকারের অবস্থান ও পদক্ষেপের বিষয়ে রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমানের নেতৃত্বে বর্তমান বিএনপি সরকার অত্যন্ত ধৈর্যের সঙ্গে এবং সম্পূর্ণ গণতান্ত্রিক ও আইনি প্রক্রিয়ায় এই নৈরাজ্য মোকাবিলা করছে। অতীতের আওয়ামী লীগ সরকারের মতো রাজপথে নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যা করা হচ্ছে না। সহনশীলতা ও আইনের শাসনের এই চর্চাই তারেক রহমানের সঙ্গে শেখ হাসিনার মূল পার্থক্য বলে তিনি উল্লেখ করেন।
বক্তব্যে পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতাদের সাম্প্রতিক তৎপরতা নিয়েও প্রশ্ন তোলেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রতিবেশী দেশটির পক্ষ থেকে প্রায়ই কূটনৈতিক শিষ্টাচারের কথা বলা হয়। অথচ ভারতে পলাতক আওয়ামী লীগের চার নেতা কীভাবে বাংলাদেশ সীমান্তের পেট্রাপোলে দেশটির ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার সুযোগ পেলেন, তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। রিজভীর মতে, সংশ্লিষ্ট দেশের সরকারের সবুজ সংকেত ছাড়া সরকারি কর্মকর্তারা কোনোভাবেই পলাতক রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করতে পারেন না, যা একটি গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত বহন করে।
হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, দেশের শিশু, কিশোর ও বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রদের হত্যাকারীদের জায়গা বাংলাদেশের মাটিতে আর কখনোই হবে না। দেশের সাধারণ মানুষ অতীতের মতোই ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে দেশবিরোধী সব ধরনের ষড়যন্ত্র ও নাশকতা প্রতিহত করবে।
এ্যাবের সদস্যসচিব প্রকৌশলী শোয়েব বাশরী হাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশে সংগঠনের অন্যান্য নেতাদের মধ্যে আরও বক্তব্য দেন প্রকৌশলী খান মুর্শিদ, প্রকৌশলী হারুন অর রশিদ, প্রকৌশলী মিয়া মো. কাইয়ুম এবং প্রকৌশলী এনায়েত হোসেন প্রমুখ।
The post পলাতক থেকেও দেশে নাশকতা ও অগ্নিসন্ত্রাস চালাচ্ছেন শেখ হাসিনা: রিজভী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





