রেলে নিয়োগ জালিয়াতি, সাবেক ২ কর্মকর্তার কারাদণ্ড
চট্টগ্রাম: রেলওয়ে নিয়োগের লিখিত পরীক্ষায় অকৃতকার্য প্রার্থীদের উত্তীর্ণ দেখাতে নম্বর কাটাকাটি, ঘষামাজা ও পরিবর্তন করা হয়েছিল। এমনকি বিধিবহির্ভূতভাবে দেওয়া হয়েছিল আট নম্বর গ্রেস। জেলা কোটাও উপেক্ষা করে কোথাও কম, কোথাও অতিরিক্ত প্রার্থী নিয়োগের সুপারিশ করা হয়। বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে ট্রেড অ্যাপ্রেন্টিস পদে নিয়োগে এসব অনিয়মের দায়ে সাবেক দুই কর্মকর্তাকে কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৩ নভেম্বর) […] The post রেলে নিয়োগ জালিয়াতি, সাবেক ২ কর্মকর্তার কারাদণ্ড first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

চট্টগ্রাম: রেলওয়ে নিয়োগের লিখিত পরীক্ষায় অকৃতকার্য প্রার্থীদের উত্তীর্ণ দেখাতে নম্বর কাটাকাটি, ঘষামাজা ও পরিবর্তন করা হয়েছিল। এমনকি বিধিবহির্ভূতভাবে দেওয়া হয়েছিল আট নম্বর গ্রেস। জেলা কোটাও উপেক্ষা করে কোথাও কম, কোথাও অতিরিক্ত প্রার্থী নিয়োগের সুপারিশ করা হয়। বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে ট্রেড অ্যাপ্রেন্টিস পদে নিয়োগে এসব অনিয়মের দায়ে সাবেক দুই কর্মকর্তাকে কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (২৩ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধা ও সাবেক এসডব্লিউও গোলাম কিবরীয়া। এদের মধ্যে ইউসুফ আলী মৃধাকে দুই বছর এবং গোলাম কিবরীয়াকে তিন বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।
রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন গোলাম কিবরীয়া। পরে সাজা পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানো হয়। পলাতক ইউসুফ আলী মৃধার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন জানান, ১৬ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। এ কারণে আদালত তাদের কারাদণ্ড দিয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৯ ও ২০১০ সালে রেলওয়ে পূর্বাঞ্চলে ৪০০ ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ নিয়োগের বিপরীতে আবেদন জমা পড়ে ৩৮ হাজার ৩১৭টি। প্রাথমিক যাচাই-বাছাই শেষে ১৪ হাজার ৩০২টি আবেদন গ্রহণ করা হয়। লিখিত পরীক্ষায় অংশ নেন ৮ হাজার ১৩৯ জন।
অভিযোগ অনুযায়ী, নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম করে লিখিত পরীক্ষায় অকৃতকার্য কয়েকজন প্রার্থীকে উত্তীর্ণ দেখানো হয়। পরীক্ষার খাতা ও টেবুলেশন শিটে নম্বর কাটাকাটি, ঘষামাজা ও পরিবর্তনের মাধ্যমে তাদের অতিরিক্ত নম্বর দেওয়া হয়। এ ছাড়া, বিধিবহির্ভূতভাবে আট নম্বর গ্রেস দিয়ে কয়েকজনকে উত্তীর্ণ করা হয়।
নিয়োগে জেলা কোটাও যথাযথভাবে অনুসরণ করা হয়নি। ৩২টি জেলা থেকে ৭১ জন প্রার্থী কম নেওয়া হলেও ২০টি জেলা থেকে ৭১ জন অতিরিক্ত প্রার্থী নেওয়ার সুপারিশ করা হয়। অন্যদিকে, এতিম ও প্রতিবন্ধী কোটায় ৩৬ জন নিয়োগের সুযোগ থাকলেও নেওয়া হয় মাত্র পাঁচ জনকে।
মামলার অভিযোগে বলা হয়, নিয়োগ কমিটির সদস্যসচিব গোলাম কিবরীয়া, আহ্বায়ক হাফিজুর রহমান চৌধুরী এবং তৎকালীন মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে এসব অনিয়ম করেন। লিখিত পরীক্ষার ফল পরিবর্তন, জাল রেকর্ডপত্র তৈরি এবং অনিয়মের মাধ্যমে নিয়োগের সুপারিশ ও অনুমোদন দেওয়ার অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে।
এ ঘটনায় দণ্ডবিধির ১৬৬, ১৬৭, ২১৭, ৪৭৭(ক) ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা করা হয়। তদন্ত শেষে দুদক আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার শুরু হয়।
The post রেলে নিয়োগ জালিয়াতি, সাবেক ২ কর্মকর্তার কারাদণ্ড first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





