নিউইয়র্ক ক্লাইমেট উইকে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের আহ্বান
ঢাকা: নিউইয়র্ক ক্লাইমেট উইকে বাংলাদেশের পক্ষ থেকে নবায়নযোগ্য জ্বালানি খাতে আন্তর্জাতিক বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে সৌরবিদ্যুৎ, ব্যাটারি এনার্জি স্টোরেজ ও সংশ্লিষ্ট অবকাঠামো উন্নয়নে বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের জ্বালানি রূপান্তরকে আরও গতিশীল করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশনের (BSREA) সভাপতি হিসেবে নিউইয়র্কে ক্লাইমেট উইকের বিভিন্ন আন্তর্জাতিক আলোচনা, সেমিনার ও কর্মশালায় […] The post নিউইয়র্ক ক্লাইমেট উইকে বাংলাদেশের নবায়নযোগ্য জ্

ঢাকা: নিউইয়র্ক ক্লাইমেট উইকে বাংলাদেশের পক্ষ থেকে নবায়নযোগ্য জ্বালানি খাতে আন্তর্জাতিক বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে সৌরবিদ্যুৎ, ব্যাটারি এনার্জি স্টোরেজ ও সংশ্লিষ্ট অবকাঠামো উন্নয়নে বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের জ্বালানি রূপান্তরকে আরও গতিশীল করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশনের (BSREA) সভাপতি হিসেবে নিউইয়র্কে ক্লাইমেট উইকের বিভিন্ন আন্তর্জাতিক আলোচনা, সেমিনার ও কর্মশালায় বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের সম্ভাবনা এবং জলবায়ু ঝুঁকির বিষয়গুলো তুলে ধরা হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতে জাতিসংঘ সদর দফতরে আয়োজিত ‘রিনিউয়েবল এনার্জি রাউন্ডটেবিল’-এ বাংলাদেশের জলবায়ু ঝুঁকি, জ্বালানি রূপান্তর এবং নবায়নযোগ্য জ্বালানি খাতের সম্ভাবনা তুলে ধরা হয়। এতে বাংলাদেশের পক্ষ থেকে জলবায়ু ন্যায়বিচারের বিষয়টিও গুরুত্বের সঙ্গে উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি মোস্তফা আল মাহমুদ। বক্তব্য দেন গ্লোবাল সোলার কাউন্সিলের (GSC) সেক্রেটারি ড্যানি কেনেডি, রিনিউয়েবল এনার্জি কাউন্সিল এশিয়া-প্যাসিফিকের (RECAP) প্রধান নির্বাহী কর্মকর্তা জন গ্রাইমসসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা।
আলোচনায় বলা হয়, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ। অথচ বৈশ্বিক জলবায়ু সংকট সৃষ্টিতে বাংলাদেশের অবদান তুলনামূলকভাবে নগণ্য। ফলে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বাংলাদেশের ন্যায্য অধিকার, অর্থায়ন ও প্রযুক্তিগত সহযোগিতা নিশ্চিত করা প্রয়োজন।
বাংলাদেশের অবস্থান তুলে ধরে বলা হয়, জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় বাংলাদেশ দয়া বা অনুদান নয়, জলবায়ু ন্যায়বিচারের ভিত্তিতে ন্যায্য অধিকার ও আন্তর্জাতিক সহযোগিতা প্রত্যাশা করে।
একই সঙ্গে বিশ্বের নবায়নযোগ্য জ্বালানি ও জলবায়ু খাতের বিনিয়োগকারী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানানো হয়। বিশেষ করে সৌরবিদ্যুৎ ও ব্যাটারি এনার্জি স্টোরেজ খাতে বিনিয়োগের মাধ্যমে দেশের জ্বালানি খাতকে আরও টেকসই ও আধুনিক করার সুযোগ রয়েছে বলে আলোচনায় তুলে ধরা হয়।
বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি খাতে আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণ, প্রযুক্তি স্থানান্তর এবং সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয় তৈরিতে জাতিসংঘকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
ক্লাইমেট উইকের বিভিন্ন কর্মসূচির ফাঁকে গ্লোবাল সোলার কাউন্সিল এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জ্বালানি খাতের নেতাদের সঙ্গে ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীর একটি বৈঠকেরও আয়োজন করা হয়।
বৈঠকে বাংলাদেশে আন্তর্জাতিক বিনিয়োগের সম্ভাবনা, নবায়নযোগ্য জ্বালানি খাতের সুযোগ এবং বিনিয়োগকারীদের জন্য সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা হয়। বিশেষ করে সৌরবিদ্যুৎ ও ব্যাটারি স্টোরেজ খাতের সম্ভাবনা এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে যৌথভাবে কাজ করার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করা হয়।
বাংলাদেশের জ্বালানি রূপান্তরকে ত্বরান্বিত করতে আন্তর্জাতিক বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা কীভাবে কাজে লাগানো যায়, সে বিষয়েও বৈঠকে আলোচনা হয়।
এদিকে বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি খাতে আন্তর্জাতিক অংশীদারিত্ব আরও জোরদার করতে BSREA, ইনভেস্ট বাংলাদেশ এবং বিদ্যুৎ বিভাগ যৌথভাবে শিগগির একটি আন্তর্জাতিক সম্মেলন ও প্রদর্শনীর আয়োজনের উদ্যোগ নিয়েছে।
আয়োজকদের প্রত্যাশা, এ সম্মেলন ও প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের সম্ভাবনা আন্তর্জাতিক পরিসরে আরও দৃশ্যমান হবে এবং দেশি-বিদেশি বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হবে।
নিউইয়র্ক ক্লাইমেট উইকের বিভিন্ন কর্মসূচিতে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি জলবায়ু ন্যায়বিচার, বিনিয়োগ ও আন্তর্জাতিক সহযোগিতার বিষয়গুলোও গুরুত্ব পায়।
এ উদ্যোগে সার্বিক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবাইকে এবং বিশেষ করে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে।
The post নিউইয়র্ক ক্লাইমেট উইকে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের আহ্বান first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





