মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউল আহসানের সাফাই সাক্ষ্য আজ

ঢাকা: আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত শতাধিক গুম ও খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের পক্ষে আজ সাফাই সাক্ষ্য গ্রহণ করা হবে। আসামিপক্ষের হয়ে একজন সাক্ষী ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন। রোববার (২২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে। […] The post মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউল আহসানের সাফাই সাক্ষ্য আজ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউল আহসানের সাফাই সাক্ষ্য আজ
২২ নভেম্বর, ২০২৬ ১২:০০  

ঢাকা: আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত শতাধিক গুম ও খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের পক্ষে আজ সাফাই সাক্ষ্য গ্রহণ করা হবে। আসামিপক্ষের হয়ে একজন সাক্ষী ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন।

রোববার (২২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে।

নিরাপত্তাজনিত কারণে এদিন সশরীরে ট্রাইব্যুনালে উপস্থিত থাকবেন না জিয়াউল আহসান। তিনি ভার্চুয়ালি হাজির হবেন।

তবে সাফাই সাক্ষী হিসেবে কাকে হাজির করা হবে, সে বিষয়ে এখনো নাম প্রকাশ করেনি আসামিপক্ষ। প্রসিকিউশনের অভিযোগ, আইন অনুযায়ী সাক্ষীর নাম দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও সময়ক্ষেপণের উদ্দেশ্যে তা গোপন রাখা হয়েছে।

এর আগে মামলার ১৫তম সাক্ষী ও তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের জেরা শেষ হয় গত ১৯ নভেম্বর। আসামিপক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সেদিন সাফাই সাক্ষ্য গ্রহণের জন্য ২২ নভেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। এর মধ্য দিয়ে মামলায় প্রসিকিউশনের সাক্ষ্যগ্রহণ ও জেরা পর্ব শেষ হয়।

গত ৮ অক্টোবর তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের জবানবন্দি গ্রহণ করা হয়। সেখানে জিয়াউল আহসানের বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভিযোগ তুলে ধরেন তিনি। তদন্ত কর্মকর্তা জানান, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা প্রকাশ্যে আসার পর সেগুলোকে বৈধতা দিতে লোক-দেখানো প্রশাসনিক তদন্ত করা হতো।

তার ভাষ্য অনুযায়ী, প্রকৃত অপরাধীদের আড়াল করতে নিয়ন্ত্রিত প্রশাসনিক তদন্তের আশ্রয় নেওয়া হতো। এসব তদন্তের প্রতিবেদন তৈরির জন্য প্রকৃত মৃত্যুর কারণ গোপন করে কর্মকর্তাদের দিয়ে মিথ্যা ও ভুল ময়নাতদন্ত প্রতিবেদন এবং পুলিশ প্রতিবেদন প্রস্তুত করানো হতো। এর মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত ব্যক্তিদের রক্ষার চেষ্টা করা হতো বলে ট্রাইব্যুনালে জানান তিনি।

জবানবন্দির পর কয়েকদিন ধরে তদন্ত কর্মকর্তাকে জেরা করেন জিয়াউল আহসানের আইনজীবীরা। আসামিপক্ষে আইনি লড়াই করছেন আইনজীবী সাহিদুর রহমান, নাজনীন নাহারসহ একটি আইনজীবী প্যানেল। গত ৩০ সেপ্টেম্বর এ মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

জিয়াউল আহসানের বিরুদ্ধে এ মামলায় সুনির্দিষ্ট তিনটি অভিযোগ এনেছে প্রসিকিউশন।

প্রথম অভিযোগটি ২০১১ সালের ১১ জুলাই রাতের। ওই রাতে গাজীপুর সদর থানার পুবাইলে সড়কের পাশে জিয়াউল আহসানের সরাসরি উপস্থিতিতে সজলসহ তিনজনকে হত্যার অভিযোগ আনা হয়েছে।

দ্বিতীয় অভিযোগে বলা হয়েছে, ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের চরদুয়ানী খালসংলগ্ন বলেশ্বর নদীর মোহনায় নজরুল ও মল্লিকসহ ৫০ জনকে হত্যা করা হয়।

তৃতীয় অভিযোগেও একই সময়ের মধ্যে আরও ৫০ জনকে হত্যার কথা উল্লেখ করেছে প্রসিকিউশন। অভিযোগ অনুযায়ী, বনদস্যু দমনের আড়ালে বরগুনার বলেশ্বর নদী ও বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনের বিভিন্ন এলাকায় মাসুদ-সহ ৫০ জনকে হত্যা করা হয়।

এসব হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের ১৭ ডিসেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে তিনটি অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। একই দিন তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র (ফরমাল চার্জ) দাখিল করে প্রসিকিউশন।

পরে ২৩ ডিসেম্বর তাকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল-১।

The post মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউল আহসানের সাফাই সাক্ষ্য আজ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.