আন্তর্জাতিক জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে মহাকাশ ও জলবায়ু কূটনীতিতে নতুন মাইলফলক
মহাকাশভিত্তিক জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা এসসিও-র সদস্যপদ পেল বিএসসিএল
- এসসিও (SCO)-র সাইনেটরি ও বাংলাদেশের ন্যাশনাল ফোকাল পয়েন্ট হিসেবে বিএসসিএল-এর স্বীকৃতি
- আর্থ অবজারভেশন স্যাটেলাইটের মাধ্যমে জলবায়ু পর্যবেক্ষণ ও দুর্যোগ পূর্বাভাসে জোর
- ফ্রান্সের প্যারিসে আসন্ন স্পেস সামিটে অনুষ্ঠিত হতে পারে স্বাক্ষর অনুষ্ঠান
৩ আগস্ট, সোমবার: বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) মহাকাশভিত্তিক আন্তর্জাতিক জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা 'স্পেস ফর ক্লাইমেট অবজারভেটরি' (SCO)-এর সাইনেটরি (Signatory) এবং বাংলাদেশের 'ন্যাশনাল ফোকাল পয়েন্ট' হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করেছে। ফরাসি মহাকাশ সংস্থা সিএনইএস (CNES)-এর নেতৃত্বে পরিচালিত এই বৈশ্বিক জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তি দেশের মহাকাশ প্রযুক্তি ও জলবায়ু কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অনুমোদনের প্রেক্ষিতে গত ৮ ডিসেম্বর ২০২৫ তারিখে বিএসসিএল থেকে এসসিও-তে এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (EoI) প্রেরণ করা হয়। পরবর্তীতে সংস্থাটির স্টিয়ারিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিএসসিএল-কে জোটটির সদস্য ও বাংলাদেশের জাতীয় ফোকাল পয়েন্ট ঘোষণা করা হয়। ৩ আগস্ট গণমাধ্যমকে এই স্বীকৃতি পাওয়ার খবর জানায় বিএসসিএল।
২০১৯ সালে ফ্রান্স সরকারের উদ্যোগে প্রতিষ্ঠিত এসসিও বিশ্বের বিভিন্ন মহাকাশ সংস্থা, গবেষণা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের একটি জোট। এটি স্যাটেলাইট ও ইন-সিটু তথ্যের সমন্বয়ে জলবায়ু পরিবর্তনের স্থানীয় প্রভাব পর্যবেক্ষণ, পূর্বাভাস তৈরি এবং নীতিনির্ধারকদের সহায়তা প্রদান করে। বাংলাদেশে ইতোমধ্যেই সংস্থাটির অর্থায়নে 'BanD-SOS' নামক প্রকল্প পরিচালিত হচ্ছে, যা ঘূর্ণিঝড়ের সময় রিয়েল-টাইম জলোচ্ছ্বাসের পূর্বাভাস ও বন্যার ঝুঁকি মানচিত্র তৈরিতে কাজ করছে।
এ বিষয়ে বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. ইমাদুল রহমান বলেন, "SCO-এর সদস্যপদ এবং বাংলাদেশের ন্যাশনাল ফোকাল পয়েন্ট হিসেবে স্বীকৃতি প্রাপ্তি দেশের জন্য একটি গৌরবজনক আন্তর্জাতিক অর্জন। এটি আমাদের মহাকাশ ও জলবায়ু কূটনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে গবেষণা, প্রযুক্তি বিনিময় এবং স্যাটেলাইটভিত্তিক তথ্য ব্যবহারের নতুন সুযোগ সৃষ্টি হবে, যা জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের সক্ষমতা বাড়াবে।"
প্রসঙ্গত, আগামী ৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিতব্য 'স্পেস সামিট'-এর একটি নির্ধারিত অধিবেশনে এ সংক্রান্ত আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান (Signature Ceremony) আয়োজনের সম্ভাবনা রয়েছে।
//ডিবিটেক/ইউএইচবিপি/ এসএমআই//





