ইউজিসির প্রাতিষ্ঠানিক সক্ষমতা, স্বচ্ছ নিয়োগ ও দক্ষ জনবল গঠনে নতুন উদ্যোগের কথা জানালেন চেয়ারম্যান
উচ্চশিক্ষায় প্রযুক্তিনির্ভর রূপান্তরে সক্ষমতা বাড়ানোর ওপর জোর
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেছেন, দেশের উচ্চশিক্ষায় টেকসই ও প্রযুক্তিনির্ভর রূপান্তর নিশ্চিত করতে ইউজিসির প্রাতিষ্ঠানিক সক্ষমতা, স্বচ্ছ নিয়োগ, দক্ষ মানবসম্পদ এবং ডিজিটাল কার্যক্রম জোরদারে গুরুত্ব দেওয়া হবে। তিনি কর্মকর্তা-কর্মচারীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় প্রযুক্তিনির্ভর ও টেকসই রূপান্তর নিশ্চিত করতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) প্রাতিষ্ঠানিক সক্ষমতা, দক্ষ মানবসম্পদ এবং স্বচ্ছ প্রশাসনিক কাঠামো শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেছেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
১৪ জুলাই, মঙ্গলবার, ইউজিসি অডিটোরিয়ামে ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের ১১তম কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত সদস্যদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, উচ্চশিক্ষার সর্বোচ্চ নীতিনির্ধারণী প্রতিষ্ঠান হিসেবে ইউজিসির ভাবমূর্তি, সক্ষমতা ও প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা আরও সুদৃঢ় করতে নিয়োগ, পদোন্নতি ও পদায়নের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা, যোগ্যতা এবং ন্যায্যতা নিশ্চিত করতে বর্তমান কমিশন কাজ করছে।
তিনি বলেন, দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় কাঙ্ক্ষিত পরিবর্তন আনার একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগকে কাজে লাগাতে কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিত ও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। পারস্পরিক আস্থা, সহযোগিতা এবং কর্মবান্ধব পরিবেশের মাধ্যমে ইউজিসির কার্যকারিতা ও প্রাতিষ্ঠানিক মর্যাদা আরও শক্তিশালী করা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।
অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, বর্তমানে ইউজিসি দেশের ১৮০টি বিশ্ববিদ্যালয়ের তদারকি করছে। এই দায়িত্ব কার্যকরভাবে পালনের জন্য কমিশনের প্রাতিষ্ঠানিক সক্ষমতা, জনবল এবং প্রযুক্তিনির্ভর প্রশাসনিক কার্যক্রম আরও উন্নত করা হবে। একই সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, গবেষণা সক্ষমতা উন্নয়ন এবং দেশি-বিদেশি প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণে উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, প্রতিষ্ঠানের কার্যকারিতা বাড়াতে দক্ষ ও যোগ্য জনবল নিয়োগ, কর্মদক্ষতার ন্যায্য মূল্যায়ন এবং দীর্ঘদিনের বৈষম্য দূরীকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মো. সাইদুর রহমান, অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন এবং ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম।
অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের শপথবাক্য পাঠ করান। বিদায়ী কমিটির সভাপতি মো. ওমর ফারুখ সভাপতিত্ব করেন এবং বিদায়ী সাধারণ সম্পাদক ড. মো. মহিবুল আহসান অনুষ্ঠান সঞ্চালনা করেন। ইউজিসির বিভাগীয় প্রধানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
গত ১৮ জুন অনুষ্ঠিত ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচনে পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক ড. মো. মহিবুল আহসান সভাপতি এবং জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপপরিচালক মো. গোলাম দস্তগীর সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১১ সদস্যের নতুন কার্যনির্বাহী পরিষদ আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।
//ডিবিটেক/এমজেআর/ইডি//





