বিমান ভাড়া ও যাত্রীসেবার মান উন্নয়নে বেবিচকের নির্দেশনা

ঢাকা: বাংলাদেশে আন্তর্জাতিক রুটে পরিচালিত দেশি-বিদেশি সকল এয়ারলাইন্সের বিমান ভাড়া পর্যালোচনা এবং অন্যান্য বিদেশি রুটের ন্যায় বাংলাদেশমুখী উড়োজাহাজেরও যাত্রীসেবার মান উন্নয়নে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সেইসঙ্গে বাংলাদেশ রুটে পরিচালিত ফ্লাইটগুলোতে যাত্রীদের জন্য পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক মানের যাত্রীসেবা বজায় রাখতে সংশ্লিষ্ট এয়ারলাইন্স অপারেটরদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের […] The post বিমান ভাড়া ও যাত্রীসেবার মান উন্নয়নে বেবিচকের নির্দেশনা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

বিমান ভাড়া ও যাত্রীসেবার মান উন্নয়নে বেবিচকের নির্দেশনা
১১ নভেম্বর, ২০২৬ ২২:০০  

ঢাকা: বাংলাদেশে আন্তর্জাতিক রুটে পরিচালিত দেশি-বিদেশি সকল এয়ারলাইন্সের বিমান ভাড়া পর্যালোচনা এবং অন্যান্য বিদেশি রুটের ন্যায় বাংলাদেশমুখী উড়োজাহাজেরও যাত্রীসেবার মান উন্নয়নে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

সেইসঙ্গে বাংলাদেশ রুটে পরিচালিত ফ্লাইটগুলোতে যাত্রীদের জন্য পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক মানের যাত্রীসেবা বজায় রাখতে সংশ্লিষ্ট এয়ারলাইন্স অপারেটরদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) এ সংক্রান্ত বেবিচকের সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস) এয়ার কমডোর মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত চিঠি বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী সংশ্লিষ্ট দেশি-বিদেশি এয়ারলাইন্স এবং এয়ারলাইন্স অপারেটিং কমিটির কাছে পাঠানো হয়েছে।

বেবিচকের পর্যবেক্ষণে দেখা গেছে, বাংলাদেশে আসা-যাওয়া করা কিছু উড়োজাহাজের যাত্রী কেবিন যথাযথভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন ও রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না। কোনো কোনো ক্ষেত্রে উড়োজাহাজের আসন, মেঝে, কার্পেট, শৌচাগার, ট্রে টেবিলসহ কেবিনের বিভিন্ন অংশ অপরিচ্ছন্ন ও অপরিপাটি অবস্থায় পাওয়া গেছে। যাত্রীদের জন্য স্বাস্থ্যসম্মত ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ পরিবেশ নিশ্চিত করতে প্রতিটি ফ্লাইটের উড্ডয়নের আগে উড়োজাহাজের কেবিন যথাযথভাবে পরিষ্কার করার পাশাপাশি সংশ্লিষ্ট সব অংশ নিয়মিত পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখার জন্য এয়ারলাইন্সগুলোকে বলা হয়েছে।

বেবিচকের নজরে আরও এসেছে, কিছু এয়ারলাইন্স অপারেটর তাদের অন্যান্য আন্তর্জাতিক রুটের তুলনায় বাংলাদেশ রুটে অপেক্ষাকৃত নিম্নমানের উড়োজাহাজ ও যাত্রীসেবা প্রদান করছে। এ ধরনের পরিস্থিতি নিরসনে বাংলাদেশ রুটে উড্ডয়ন সুরক্ষা, যাত্রীদের স্বাচ্ছন্দ্য এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধার উপযুক্ত মানসম্পন্ন উড়োজাহাজ পরিচালনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট অপারেটরদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, বাংলাদেশ রুটে যাত্রীসেবার ক্ষেত্রে সমমান বজায় রাখার বিষয়টিও বিশেষ গুরুত্ব পেয়েছে বেবিচকের নির্দেশনায়। সংশ্লিষ্ট এয়ারলাইন্স অপারেটর তাদের অন্যান্য আন্তর্জাতিক রুটে যাত্রীদের যে মানের স্বাচ্ছন্দ্য ও সেবা প্রদান করে, বাংলাদেশে আসা-যাওয়া করা যাত্রীদের ক্ষেত্রেও একই মানের সেবা নিশ্চিত করতে হবে। যাত্রীরা যাতে আন্তর্জাতিক রুট ভেদে সেবার মানের ক্ষেত্রে বৈষম্যের শিকার না হন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

অন্যদিকে, ভ্রমণের দূরত্ব ও প্রদত্ত যাত্রীসেবার তুলনায় কিছু রুটে বিমান ভাড়া অপেক্ষাকৃত বেশি হওয়ার বিষয়েও উদ্বেগের কথা উল্লেখ করেছে বেবিচক। এ প্রেক্ষাপটে ভ্রমণের দূরত্ব বিবেচনায় বিমান ভাড়া পর্যালোচনা এবং যৌক্তিক মূল্য নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট এয়ারলাইন্স অপারেটরদের অনুরোধ জানানো হয়েছে।

এদিকে, বেবিচকের নির্দেশনায় উড়োজাহাজের নিয়মিত পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ, স্বাস্থ্যসম্মত ভ্রমণ পরিবেশ বজায় রাখা, উপযুক্ত মানসম্পন্ন উড়োজাহাজ ব্যবহার, যৌক্তিক বিমান ভাড়া নির্ধারণ এবং সর্বোপরি সম্মানিত যাত্রীদের জন্য নিরাপদ, আরামদায়ক ও মানসম্মত যাত্রীসেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে সংস্থাটি।

The post বিমান ভাড়া ও যাত্রীসেবার মান উন্নয়নে বেবিচকের নির্দেশনা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.