টিকটিকি, তেলাপোকা, লার্ভা—সবই মিলছে জাককানইবির হলের খাবারে

জাককানইবি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) বিদ্রোহী ও অগ্নিবীণা হলে ডাইনিংয়ের খাবারে সিদ্ধ টিকটিকি, তেলাপোকা ও পোকামাকড়ের লার্ভা পাওয়ার একের পর এক অভিযোগ উঠছে। সর্বশেষ সোমবার (৯ নভেম্বর) বিদ্রোহী হলের ডাইনিংয়ের তরকারিতে তেলাপোকা পাওয়ার অভিযোগ করেন এক শিক্ষার্থী। এর আগের দিন একই হলের খিচুড়িতে লার্ভা পাওয়ার অভিযোগ ওঠে। এ ছাড়া গত ২৭ ও […] The post টিকটিকি, তেলাপোকা, লার্ভা—সবই মিলছে জাককানইবির হলের খাবারে first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

টিকটিকি, তেলাপোকা, লার্ভা—সবই মিলছে জাককানইবির হলের খাবারে
১১ নভেম্বর, ২০২৬ ১৫:০০  

জাককানইবি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) বিদ্রোহী ও অগ্নিবীণা হলে ডাইনিংয়ের খাবারে সিদ্ধ টিকটিকি, তেলাপোকা ও পোকামাকড়ের লার্ভা পাওয়ার একের পর এক অভিযোগ উঠছে। সর্বশেষ সোমবার (৯ নভেম্বর) বিদ্রোহী হলের ডাইনিংয়ের তরকারিতে তেলাপোকা পাওয়ার অভিযোগ করেন এক শিক্ষার্থী। এর আগের দিন একই হলের খিচুড়িতে লার্ভা পাওয়ার অভিযোগ ওঠে। এ ছাড়া গত ২৭ ও ২৮ অক্টোবর অগ্নিবীণা হলের খাবারেও টিকটিকি ও জীবন্ত তেলাপোকা পাওয়ার অভিযোগ করেন শিক্ষার্থীরা। এসব ঘটনার পাশাপাশি হলের ডাইনিংয়ের খাবার প্রস্তুত ও পরিবেশনের পরিবেশ নিয়েও প্রশ্ন উঠেছে।

৯ নভেম্বর রাতে বিদ্রোহী হলের ডাইনিংয়ের তরকারিতে তেলাপোকা পাওয়ার অভিযোগ করেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী রাকিব হোসেন। তিনি জানান, টিউশন শেষে হলে ফিরে রুটি ও তরকারি নিয়ে রুমে যান। খাবার খেতে বসে তরকারিতে একটি তেলাপোকা দেখতে পান। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দিয়ে বিষয়টি প্রকাশ করেন তিনি। নিজের অভিজ্ঞতা তুলে ধরে রাকিব লেখেন, ‘দিনশেষে ক্লান্ত শরীর নিয়ে খেতে বসে যদি আপনার প্লেটে এমন খাবার পাওয়া যায়, তাহলে আপনার অনুভূতি কেমন হবে?’

এর আগের দিন ৮ নভেম্বর সকালে একই হলের ডাইনিংয়ের খিচুড়িতে পোকামাকড়ের লার্ভা পাওয়ার অভিযোগ করেন মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী। সকালে খাবার খেতে গিয়ে তিনি খিচুড়ির মধ্যে লার্ভাটি দেখতে পান।

এর আগে গত ২৮ অক্টোবর অগ্নিবীণা হলের ডাইনিংয়ের খাবারে জীবন্ত তেলাপোকার বাচ্চা পাওয়ার অভিযোগ করেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আমির হামজা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি জানান, নিজের ডালের মধ্যে একটি জীবন্ত তেলাপোকা পেয়েছেন। তার দাবি, খাবারের মধ্যে থাকা পোকাটি তখনো নড়াচড়া করছিল।

এর একদিন আগে, ২৭ অক্টোবর একই হলের ডাইনিংয়ের ভাতে সিদ্ধ টিকটিকি পাওয়ার অভিযোগ করেন শিক্ষার্থী আরেফিন তানভীর। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ছবি প্রকাশ করে তিনি জানান, ভাতের মধ্যে টিকটিকি পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তিনি।

খাবারে পোকামাকড় পাওয়ার অভিযোগের পাশাপাশি হলগুলোর ডাইনিংয়ের পরিচ্ছন্নতা নিয়েও প্রশ্ন উঠেছে। সরেজমিনে বিদ্রোহী হলের ডাইনিংয়ে রাতের ব্যবহৃত থালাবাসন পড়ে থাকতে দেখা যায়। একই সময়ে মেঝেতে মাছ পরিষ্কার করছিলেন ডাইনিংয়ের কর্মচারীরা। এ সময় কাঁচা মাছের ওপর মাছি উড়তে দেখা যায়। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে কর্মচারীরা পানি দিয়ে জায়গাটি পরিষ্কার করার চেষ্টা করেন। এ বিষয়ে বিদ্রোহী হলের ডাইনিং পরিচালক বলেন, ‘সারাদিন অপরিষ্কার থাকলেও আমরা প্রতিদিন সন্ধ্যার পর ডাইনিং পরিষ্কার করি,হাটাচলা করলে ফ্লোরে কাদা হবেই।’

অগ্নিবীণা হলের ডাইনিংয়ে ভাতের মধ্যে সিদ্ধ টিকটিকি পাওয়ার অভিযোগের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করে। এ বিষয়ে ডাইনিং পরিচালক এম. কবির বলেন, ‘রান্নার সময় পাতিলের ঢাকনা খোলা থাকায় ওপর থেকে টিকটিকিটি ভাতের মধ্যে পড়ে থাকতে পারে। তবে রান্না বা পরিবেশনের সময় বিষয়টি কারও চোখে পড়েনি।’ অভিযোগ পাওয়ার পর ওই পাত্রের সব ভাত ফেলে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

অগ্নিবীণা হলের প্রভোস্ট মো. হারুনুর রশিদ বলেন, ‘ঘটনাটি সম্পর্কে আমরা খোঁজ নিয়েছি। দেয়াল থেকে একটি টিকটিকি ভাতের গামলায় পড়ে যাওয়ার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি, অভিযোগের সত্যতা পাওয়া গেলে ডাইনিং পরিচালকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

অন্যদিকে, একই হলের খাবারে জীবন্ত তেলাপোকা পাওয়ার অভিযোগ নিয়ে শিক্ষার্থী ও ডাইনিং পরিচালকের বক্তব্যে ভিন্নতা রয়েছে। প্রভোস্টের ভাষ্য অনুযায়ী, এ ঘটনায় দুই পক্ষ একে-অপরকে দোষারোপ করছে। ডাইনিং পরিচালকের দাবি, ওই শিক্ষার্থী ইচ্ছাকৃতভাবে খাবারে তেলাপোকা রেখেছেন। তবে শিক্ষার্থীর দাবি, তিনি নিজের ডালের মধ্যে জীবন্ত তেলাপোকা পেয়েছেন। এ অভিযোগের বিষয়ে তদন্তের কোনো চূড়ান্ত ফলাফল পাওয়া যায়নি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোশাররফ হোসেন বলেন, ‘আমি বর্তমানে ক্যাম্পাসে অবস্থান করছি না। তবে দায়িত্বশীল পদে থেকে এ ধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয়। বিষয়টি আমার নজরে এসেছে। ক্যাম্পাসে ফিরে এ বিষয়ে খোঁজখবর নেব এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’

The post টিকটিকি, তেলাপোকা, লার্ভা—সবই মিলছে জাককানইবির হলের খাবারে first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.