দুয়েকটি ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না

ঢাকা: রাতের অন্ধকারে দুয়েকটি বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণ বা জনশূন্য স্থানে অরাজকতা সৃষ্টির চেষ্টাকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হিসেবে দেখার কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতার বক্তব্যের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় সংসদে সভাপতিত্ব করছিলেন ডেপুটি স্পিকার […] The post দুয়েকটি ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

দুয়েকটি ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না
১০ নভেম্বর, ২০২৬ ২১:০০  

ঢাকা: রাতের অন্ধকারে দুয়েকটি বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণ বা জনশূন্য স্থানে অরাজকতা সৃষ্টির চেষ্টাকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হিসেবে দেখার কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতার বক্তব্যের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় সংসদে সভাপতিত্ব করছিলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে শতভাগ নিয়ন্ত্রণে রয়েছে এবং শিল্প ও বিনিয়োগের পরিবেশ নিশ্চিত করতে সরকার সম্পূর্ণ বদ্ধপরিকর।’

তিনি বলেন, ‘পতিত ফ্যাসিবাদী শক্তির কিছু দোসর দেশের ভেতরে থেকে এবং সীমান্তের ওপার থেকে ইন্ধন জোগিয়ে অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্ত চালিয়ে যাচ্ছে। তবে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত ধৈর্য এবং দক্ষতার সঙ্গে তাদের সেই অপচেষ্টা ও নীলনকশা ভণ্ডুল করে দিয়েছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি এলাকায় রাতের ককটেল বিস্ফোরণের ঘটনায় এরই মধ্যে দু’জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। দেশজুড়ে অরাজকতার চেষ্টাকারী কাউকেই ছাড় দেওয়া হবে না। যৌথ ষড়যন্ত্রকারীদের সমস্ত তথ্যপ্রমাণ সরকারের কাছে রয়েছে এবং প্রয়োজনে উপযুক্ত সময়ে তা প্রকাশ করা হবে।’

দেশের প্রধান রফতানি খাত তৈরি পোশাক শিল্পে স্থিতিশীলতার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, ‘গাজীপুর, সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের তৈরি পোশাক অঞ্চলে শিল্প পুলিশ, বিজিবি ও সাধারণ পুলিশ বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। উসকানি সত্ত্বেও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দিয়েছে, যাতে উৎপাদন ও রফতানি ব্যাহত না হয়। শ্রমিক সংগঠন ও মালিকপক্ষের সঙ্গে ধারাবাহিক বৈঠকের মাধ্যমে সেখানে পরিবেশ স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে।’

পত্রিকায় প্রকাশিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কিছু রিপোর্টের সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশের ডাটা বিশ্লেষণ করলে দেখা যাবে, বিগত বছরের একই সময়ের তুলনায় অপরাধের হার অনেক কমেছে। আগের বছরের সঙ্গে নিরপেক্ষ তুলনা না করে আংশিক তথ্য দিয়ে একটি গোষ্ঠী বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে।’

The post দুয়েকটি ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.