ফক্সকনের প্রথম প্রান্তিকে আয় বেড়েছে ২৯.৭ শতাংশ
বিশ্বের বৃহত্তম কনট্রাক্ট ইলেকট্রনিক্স প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফক্সকন চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) রাজস্ব বেড়েছে ২৯.৭ শতাংশ। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পণ্যের শক্তিশালী চাহিদা এবং নতুন পণ্য উন্মোচনের কারণে স্মার্ট কনজিউমার ইলেকট্রনিকস বিভাগে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। প্রতিষ্ঠানটি এনভিডিয়ার বৃহত্তম সার্ভার প্রস্তুতকারক এবং অ্যাপলের শীর্ষ আইফোন অ্যাসেম্বলার।
এপ্রিলের শুরুতে ‘লিবারেশন ডে’ ঘিরে বিশ্ববাজারে অশান্তির মধ্যে ফক্সকনের এই প্রতিবেদন এলো। চীন, ভারত ও ভিয়েতনামের মতো দেশে কারখানা থাকলেও ফক্সকনের উৎপাদনশীলতা ও সরবরাহ চেইনে প্রভাব পড়তে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
ফক্সকন সতর্ক করে বলেছে, চলতি বছর সবচেয়ে বড় বাহ্যিক চ্যালেঞ্জ হচ্ছে বিশ্ব অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে মধ্যপ্রাচ্যের যুদ্ধ। তাই ‘অস্থিতিশীল বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা জরুরি’ বলে মন্তব্য করেছে প্রতিষ্ঠানটি।
ফক্সকনের চেয়ারম্যান ইয়ং লিউ জানিয়েছেন, ভূরাজনৈতিক উত্তেজনার কারণে কোম্পানিটি বছরের বাকি সময়ে বাড়তি চাপের মুখে পড়তে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি বিশ্বের সব দেশ থেকে আমদানিকৃত পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, যা ইলেকট্রনিক্স পণ্যের দাম বাড়াবে এবং চাহিদা কমাতে পারে।
ফক্সকনের শেয়ার চলতি বছর ১৬ শতাংশ কমেছে, যেখানে তাইওয়ানের বাজার ১২ শতাংশ বেড়েছে। কোম্পানিটি ১৪ মে প্রথম প্রান্তিকের সম্পূর্ণ আয় প্রতিবেদন প্রকাশ করবে।
ডিবিটেক/বিএমটি । সূত্র : রয়টার্স



