এনভিডিয়াকে চীনে চিপ রপ্তানির অনুমতি দিল যুক্তরাষ্ট্র
মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় এনভিডিয়াকে তাদের এইচ২০ চিপ চীনে রপ্তানির লাইসেন্স দেওয়া শুরু করেছে বলে শুক্রবার এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন। এর মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের শীর্ষস্থানীয় এই কোম্পানির জন্য গুরুত্বপূর্ণ বাজারে প্রবেশের বড় বাধা দূর হলো। খবর রয়টার্স।
গত মাসে যুক্তরাষ্ট্র এপ্রিলের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে, যা চীনের জন্য বিশেষভাবে নকশা করা এই মাইক্রোপ্রসেসরের বিক্রি বন্ধ করেছিল। এনভিডিয়া জানিয়েছে, ঐ নিষেধাজ্ঞার প্রভাবে জুলাই প্রান্তিকের বিক্রিতে ৮ বিলিয়ন ডলার ক্ষতি হবে।
গত জুলাইয়ে এনভিডিয়া লাইসেন্সের জন্য আবেদন করেছিল এবং দ্রুত অনুমতি পাওয়ার আশ্বাস পেয়েছিল। তবে, কতগুলো লাইসেন্স ইস্যু হয়েছে বা কোন কোন প্রতিষ্ঠানে চিপ পাঠানো যাবে—তা এখনও স্পষ্ট নয়।
এর আগে চীন নিরাপত্তা উদ্বেগের কথা তুললেও এনভিডিয়া জানিয়েছে, তাদের পণ্যে কোনো “ব্যাকডোর” নেই যা দূর থেকে প্রবেশাধিকার বা নিয়ন্ত্রণের সুযোগ দেয়।
ডিবিটেক/বিএমটি







