নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

চুয়েটে উপাচার্যকে ভবনে আটকে বাইরে তালা

  • নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে ভবনে রেখে তালা দেন শিক্ষার্থীরা
  • সকাল সাড়ে ৯টা থেকে উপাচার্য ভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা
  • সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মসূচি চলছে

চুয়েটে উপাচার্যকে ভবনে আটকে বাইরে তালা
১২ অক্টোবর, ২০২৬ ১৩:২৭  

চলমান বিরোধের মধ্যে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে উপাচার্য ভবনের ভেতরে রেখে বাইরে থেকে ফটকে তালা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। ১২ অক্টোবর, সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। নতুন উপাচার্যের নিয়োগ বাতিল এবং সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে এ পরিস্থিতির সৃষ্টি হয়।

দুপুর সাড়ে ১২টার দিকে উপাচার্য ভবনের সামনে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা সেখানে জড়ো হয়ে বিক্ষোভ করছেন। এ সময় তাঁদের ‘আমাদের দাবি, আমাদের দাবি, মানতে হবে, মানতে হবে’ এবং ‘প্রত্যাখ্যান-প্রত্যাখ্যান, নতুন ভিসি প্রত্যাখ্যান’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নতুন উপাচার্য ক্যাম্পাসে আসছেন—এমন খবর পেয়ে সকাল সাড়ে ৯টা থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা উপাচার্য ভবনের সামনে অবস্থান নেন। দুপুর ১২টার মধ্যে উপাচার্যকে কার্যালয় ছেড়ে চলে যাওয়ার জন্য আলটিমেটাম দেন তাঁরা। একপর্যায়ে দুপুর ১২টার পর ভবনের ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, তাঁরা ভবনের বিদ্যুৎ-সংযোগও বিচ্ছিন্ন করেছেন।

ফটকে তালা দেওয়ার পর উপাচার্যের সঙ্গে ভবনের ভেতরে আটকা পড়েন চুয়েট শাখা ছাত্রদলের সভাপতি ওয়াসিফ রাশেদসহ সংগঠনটির কয়েকজন নেতা-কর্মী। তালাবদ্ধ অবস্থায় ওয়াসিফ রাশেদ বলেন, ‘সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে তারা আন্দোলন করছেন। আজকে সকালেও ফুল নিয়ে আসার সময় আমাদের এক নেতাকে লাঞ্ছিত করা হয়েছে।’

শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, উপাচার্য ক্যাম্পাসে পৌঁছানোর কিছুক্ষণ পর শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বিপ্লব হোসাইন ফুল ও খাবার নিয়ে তার দপ্তরে যাচ্ছিলেন। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা তাঁকে উপাচার্য ভবনে প্রবেশে বাধা দেন। একপর্যায়ে তাঁর কাছ থেকে ফুল ও খাবার নিয়ে ছুড়ে ফেলে দেওয়া হয়।

গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে শেখ শরীফুল আলমকে চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ নিয়োগের প্রতিবাদ এবং অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে পরদিন থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করে আসছেন শিক্ষার্থীরা। এর অংশ হিসেবে উপাচার্য ভবনের ফটকে তালা দেওয়া হয়। একই দাবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও ওই দিন থেকে কর্মবিরতি পালন করছেন।

শিক্ষক-শিক্ষার্থীদের কর্মসূচির কারণে এত দিন ক্যাম্পাসে যেতে পারেননি নতুন উপাচার্য শেখ শরীফুল আলম। তবে সোমবার সকালে ছাত্রদল নেতাদের সঙ্গে নিয়ে উপাচার্য ভবনের তালা ভেঙে নিজের দপ্তরে প্রবেশ করেন তিনি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, একটি হাইয়েস মাইক্রোবাসে করে ক্যাম্পাসে পৌঁছান উপাচার্য। ফটকে তিনি শুধু ‘শিক্ষক’ পরিচয় দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন। পরে ছাত্রদল নেতাদের সঙ্গে নিয়ে উপাচার্য ভবনের ফটকের তালা ভেঙে নিজের দপ্তরে যান।

সকালে উপাচার্য ভবনে গিয়ে দেখা যায়, অধ্যাপক ড. শেখ শরীফুল আলম উপাচার্যের জন্য নির্ধারিত চেয়ারে বসে আছেন। তাঁর কক্ষে চুয়েট শাখা ছাত্রদলের সভাপতি ওয়াসিফ রাশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান আল সাবিত এবং সাংগঠনিক সম্পাদক বিপ্লব হোসাইন উপস্থিত ছিলেন। এ বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান আল সাবিত বলেন, ‘আমরা একসাথেই ভেতরে প্রবেশ করেছি।’

//ডিবিটেক/সিজিএ/এসএমপি/এমআইএসটি//