ব্যাংক হিসাব খোলা ও ঋণ নিতে লাগবে বিআইএন

ঢাকা: ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাব, ঋণ গ্রহণসহ সাত ধরনের সেবা নিতে `ব্যবসা শনাক্তকরণ নম্বর’ (বিআইএন) বাধ্যতামূলক করা হয়েছে। মূল্য সংযোজন কর (মূসক) ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-তে অর্থ আইন, ২০২৬-এর মাধ্যমে যুক্ত হওয়া নতুন বিধান অনুসরণে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার (১১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ এ–সংক্রান্ত একটি সার্কুলার জারি করে […] The post ব্যাংক হিসাব খোলা ও ঋণ নিতে লাগবে বিআইএন first appeared on Sarabangla | Breaking News | Sports | Ente

ব্যাংক হিসাব খোলা ও ঋণ নিতে লাগবে বিআইএন
১১ অক্টোবর, ২০২৬ ১৮:০০  

ঢাকা: ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাব, ঋণ গ্রহণসহ সাত ধরনের সেবা নিতে `ব্যবসা শনাক্তকরণ নম্বর’ (বিআইএন) বাধ্যতামূলক করা হয়েছে। মূল্য সংযোজন কর (মূসক) ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-তে অর্থ আইন, ২০২৬-এর মাধ্যমে যুক্ত হওয়া নতুন বিধান অনুসরণে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (১১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ এ–সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, অর্থ আইন, ২০২৬-এর মাধ্যমে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৪-এর উপধারা (৩)-এ নতুন বিধান যুক্ত হয়েছে। এসব বিধান যথাযথভাবে অনুসরণ করতে ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।

নতুন বিধান অনুযায়ী, নির্দিষ্ট কিছু ব্যবসায়িক সেবা গ্রহণের ক্ষেত্রে ব্যবসাপ্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে বিআইএন বা তালিকাভুক্তির প্রমাণক উপস্থাপন করতে হবে।

সংশোধিত আইনে যেসব ক্ষেত্রে বিআইএন-সংক্রান্ত বাধ্যবাধকতা রয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে—কোনো ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) বা অন্য আর্থিক প্রতিষ্ঠানে চলতি হিসাব কিংবা এসটিডি হিসাব খোলা ও পরিচালনা; ব্যাংক, এনবিএফআই বা অন্য আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ; ট্রেড লাইসেন্স নবায়ন; মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিসেসের (এমএফএস) মার্চেন্ট হিসাব খোলা; বাণিজ্য সংগঠনের সদস্যপদ গ্রহণ বা নবায়ন; ব্যবসাপ্রতিষ্ঠানের নামে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ গ্রহণ; এবং বিআরটিএ থেকে ব্যবসাপ্রতিষ্ঠানের নামে যানবাহনের নিবন্ধন গ্রহণ।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, নতুন আইনে যুক্ত হওয়া বিধানগুলো যথাযথভাবে অনুসরণ করতে হবে। ফলে ব্যবসায়িক প্রয়োজনে ব্যাংক হিসাব খোলা ও ঋণ গ্রহণের মতো সেবা নিতে সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানকে বিআইএন-সংক্রান্ত শর্ত পূরণ করতে হবে।

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ সংশোধন করে অর্থ আইন, ২০২৬ গত ৩০ জুন গেজেট আকারে প্রকাশ করা হয়। এরপর সংশোধিত আইনের বিধান বাস্তবায়নে ব্যাংকগুলোকে এ নির্দেশনা দিল কেন্দ্রীয় ব্যাংক।

The post ব্যাংক হিসাব খোলা ও ঋণ নিতে লাগবে বিআইএন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.