মুগ্ধসহ ১১ হত্যা: হাবিব হাসানসহ ২৬ জনের বিচার শুরু
ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর উত্তরায় মীর মুগ্ধ-সহ ১১ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান-সহ ২৬ আসামির বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে মামলার বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ৪ নভেম্বর সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে। রোববার (১১ […] The post মুগ্ধসহ ১১ হত্যা: হাবিব হাসানসহ ২৬ জনের বিচার শুরু first appeared on Sarabangla | Breaking News | Sports |

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর উত্তরায় মীর মুগ্ধ-সহ ১১ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান-সহ ২৬ আসামির বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে মামলার বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ৪ নভেম্বর সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
এদিন মামলায় গ্রেফতার আট আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের উপস্থিতিতে অভিযোগ দুটি বাংলায় পড়ে শোনান বিচারপতি নজরুল ইসলাম। পরে কাঠগড়ায় থাকা আসামিদের কাছে নিজেদের দোষী বা নির্দোষ হওয়ার বিষয়ে জানতে চাওয়া হয়। এ সময় তারা নিজেদের নির্দোষ দাবি করে ট্রাইব্যুনালের কাছে ন্যায়বিচার প্রার্থনা করেন।
পরে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণের জন্য ৪ নভেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ, মার্জিনা রায়হান, তারেক আবদুল্লাহ, মঈনুল করিম ও সহিদুল ইসলাম সরদারসহ অন্যরা। আসামিপক্ষে ছিলেন আইনজীবী সুলতান মাহমুদ, আবুল হাসান-সহ রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা।
মামলায় গ্রেফতার আট আসামি হলেন— ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের সাবেক অতিরিক্ত উপকমিশনার মির্জা সালাহউদ্দিন, উত্তরা পূর্ব থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবুর রহমান, আজমপুর পুলিশ ফাঁড়ির সাবেক কনস্টেবল মো. হোসেন আলী, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী রবিন, যুবলীগ সভাপতি মো. দেলোয়ার হোসেন রুবেল, আওয়ামী লীগ নেতা মো. সোহেল রানা, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. শাহ আলম এবং তুরাগ থানা এলাকার আওয়ামী লীগ কর্মী মো. ইরফানুল হক গাজী।
মামলার পলাতক আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, উত্তরা বিভাগের সাবেক উপকমিশনার কাজী আশরাফুল আজীম, সাবেক অতিরিক্ত উপকমিশনার মো. তোহিদুল ইসলাম এবং সাবেক সহকারী পুলিশ কমিশনার সুমন কর।
এ ছাড়া রয়েছেন উত্তরা পশ্চিম থানার সাবেক ওসি বিএম ফরমান আলী, উত্তরা পূর্ব থানার সাবেক পুলিশ পরিদর্শক (অপারেশনস) মাহমুদুল হাসান, একই থানার সাবেক কনস্টেবল মো. আবু ছায়েম, আওয়ামী লীগ নেতা মো. আলাউদ্দিন আল সোহেল, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, মো. ফরিদ আহমেদ, ডিএম শামীম, মো. আনিছুর রহমান নাঈম ও মো. আফছার উদ্দিন খান।
তালিকায় আরও রয়েছেন উত্তরা পূর্ব থানার সাবেক উপপরিদর্শক (এসআই) খালেদ আনোয়ার, সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রোকনুজ্জামান, উত্তরা পশ্চিম থানা ছাত্রলীগের সহসভাপতি মুরতাফা বিন ওমর এবং তুরাগ থানা আওয়ামী লীগের যুবলীগ নেতা জাকির হোসেন।
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই রাজধানীর উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও আশপাশের এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে নির্বিচারে গুলি চালানো হয়। এতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) এমবিএ শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ-সহ সাতজন নিহত হন।
প্রথম অভিযোগে আরও বলা হয়েছে, উবারচালক মোখলেছুর রহমান ওরফে দুর্জয়কে পুলিশের সাঁজোয়া যানবাহনের (এপিসি) চাকায় পিষ্ট করে হত্যার পর মরদেহ গুমের উদ্দেশ্যে তুরাগ নদীতে ফেলে দেওয়া হয়। একই ঘটনায় মেহেদী হাসান-সহ পাঁচজনকে হত্যাচেষ্টার উদ্দেশ্যে গুলি করে গুরুতর আহত করার অভিযোগও আনা হয়েছে।
দ্বিতীয় অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই একই এলাকায় আন্দোলনকারীদের ওপর আবারও নির্বিচারে গুলি চালানো হয়। এতে রিদোয়ান শরীফ রিয়াদ জয়-সহ চারজন নিহত হন। এ ঘটনায় রাইসুল রহমান রাতুলকে হত্যাচেষ্টার উদ্দেশ্যে গুলি করে গুরুতর আহত করার অভিযোগ রয়েছে।
প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, দুটি অভিযোগে বর্ণিত ঘটনাগুলো পরিকল্পিত, ব্যাপক ও পদ্ধতিগতভাবে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অন্তর্ভুক্ত।
প্রসিকিউশন জানায়, গত ২৩ সেপ্টেম্বর মামলাটিতে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশের জন্য দিন ধার্য ছিল। তবে ট্রাইব্যুনালের সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ অসুস্থ থাকায় শুনানির তারিখ পিছিয়ে ১১ অক্টোবর নির্ধারণ করা হয়। রোববার অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলাটির বিচার শুরু হলো। আগামী ৪ নভেম্বর থেকে সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
The post মুগ্ধসহ ১১ হত্যা: হাবিব হাসানসহ ২৬ জনের বিচার শুরু first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





