ইন্টারেক্টিভ প্ল্যাটফর্মে জেলা ট্র্যাকিং সুবিধা
সোশ্যালে ভাইরাল ‘আনসিন বাংলাদেশ’ ভ্রমণ ম্যাপ
- ৬৪ জেলার ভ্রমণ ট্র্যাকিংয়ে জনপ্রিয় আনসিন বাংলাদেশ
- রঙ ও ছবি দিয়ে কাস্টমাইজ ম্যাপ শেয়ারের সুযোগ
- যুক্ত রয়েছে ট্রিপ প্ল্যানার, রুট ও বাজেট হিসেব
ডিজিটাল ম্যাপিং প্রযুক্তি ও ব্যবহারকারীকেন্দ্রিক সফটওয়্যার ইন্টারফেসের সমন্বয়ে দেশের পর্যটন খাতে দারুণ সাড়া ফেলেছে নতুন ট্রাভেল-টেক প্ল্যাটফর্ম ‘আনসিন বাংলাদেশ’ (unseenbangladesh.com)। দেশের আটটি বিভাগের ৬৪টি জেলার মধ্যে কতটি জেলায় ভ্রমণ সম্পন্ন হয়েছে, তা মুহূর্তের মধ্যে ইন্টারঅ্যাক্টিভ মানচিত্রে রূপান্তর ও সোশ্যাল মিডিয়ায় শেয়ারের সুবিধার কারণে প্ল্যাটফর্মটি এখন তরুণ ভ্রমণপিপাসুদের মাঝে ভার্চুয়াল ট্রেন্ডে পরিণত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অসংখ্য পর্যটক ও সাধারণ ব্যবহারকারীকে এরইমধ্যে নিজেদের ভ্রমণ করা জেলাগুলোর অনুপাত ডিজিটাল মানচিত্রে চিহ্নিত করে পোস্ট করতে দেখা গেছে।
ভিজিট করে দেখা যায়, প্ল্যাটফর্মটিতে প্রবেশ করে তালিকা কিংবা মানচিত্রে সরাসরি ক্লিক করে সহজেই জেলা নির্বাচন করা যায়। সঙ্গে সঙ্গেই স্ক্রিনে মোট ভ্রমণের অগ্রগতি (যেমন: ১০/৬৪) দৃশ্যমান হয়। ব্যবহারকারীদের সুবিধার্থে এক ক্লিকেই ‘সব বাছাই করুন’ কিংবা হিসাব নতুন করে সাজাতে ‘সব মুছুন’ বাটন রাখা হয়েছে।
ইউজার ইন্টারফেস ও কাস্টমাইজেশনে প্রযুক্তিটির বিশেষত্ব হলো এতে পাঁচটি নান্দনিক রঙের থিম অন্তর্ভুক্ত রয়েছে। ব্যবহারকারীরা নিজেদের নাম ও ব্যক্তিগত ছবি যুক্ত করে ম্যাপটি কাস্টমাইজ করতে পারেন; আর নাম না দিলে ডিফল্টভাবে ‘আমার বাংলাদেশ’ শিরোনাম প্রদর্শিত হয়। প্রক্রিয়াকরণ শেষে স্বয়ংক্রিয়ভাবে জেনারেট হওয়া ম্যাপটি পিএনজি (PNG), জেপিজি (JPG) কিংবা পিডিএফ (PDF) ফরম্যাটে হাই-রেজ্যুলেশনে ডাউনলোড করে শেয়ার করা যায়। এছাড়া একই প্ল্যাটফর্ম থেকে ‘বিশ্ব ভ্রমণ ম্যাপ’ তৈরির সুবিধাও যুক্ত রয়েছে।
কেবল ভ্রমণ ট্র্যাকিংয়ে সীমাবদ্ধ না থেকে প্ল্যাটফর্মটিকে পূর্ণাঙ্গ ট্রাভেল প্ল্যানার হিসেবে রূপ দেওয়া হয়েছে। দেশের ৬৪ জেলার ২৪০টিরও বেশি পর্যটন স্পট, যোগাযোগ মাধ্যম, থাকা-খাওয়ার আনুমানিক খরচ এবং দুর্গম অঞ্চলে ভ্রমণের জন্য সরকারি নির্দেশিকা ডেটাবেজে যুক্ত করা হয়েছে। ব্যবহারকারীরা নিজস্ব সময়, বাজেট ও সহযাত্রীর সংখ্যা অনুযায়ী স্বয়ংক্রিয় নিকটবর্তী রুট নির্ধারণ করে ট্যুর প্ল্যান সাজাতে পারেন। এমনকি ভ্রমণের সমাপ্তি শুরুর স্থানে হবে কি না তা নির্ধারণ করে পুরো ভ্রমণ পরিকল্পনাটি প্রিন্ট বা পিডিএফ আকারে সংরক্ষণ করা সম্ভব। এছাড়া ভ্রমণপ্রেমীদের দেশীয় ভূগোল ও ঐতিহ্য সম্পর্কে ধারণা দিতে সাইটটিতে যুক্ত করা হয়েছে কুইজ ও ম্যাপ পাজল গেম।
উদ্ভাবনী এই ওয়েব টুলের নির্মাতা ডিজাইনার ও ভ্রমণপ্রেমী মো. সাব্বির হোসেন রবিন। ব্যক্তিগত ভ্রমণের হিসাব রাখার তাগিদ থেকেই তিনি এই ইন্টারঅ্যাক্টিভ ওয়েব অ্যাপ্লিকেশনটি তৈরি করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় সাব্বির হোসেন রবিন জানান, উন্মোচনের পরপরই হাজারো ব্যবহারকারী সাইটটিতে সক্রিয় হয়েছেন। দ্রুতই প্ল্যাটফর্মটিতে নিজস্ব কাস্টম ডোমেইন যুক্ত করার পাশাপাশি গুগল প্লে স্টোরে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন হিসেবে এটি উন্মুক্ত করার কাজ চলছে।
//ডিবিটেক/এপিএন/এসএমপি/বিপিসি//





