পাঁচ ভাষায় সংবাদ, অডিও-ভিডিও সুবিধা
উদ্বোধনীতে নতুন মোবাইল অ্যাপ উন্মোচন করল ডেইলি সান
- ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঠকদের জন্য নতুন অ্যাপ চালু করেছে ডেইলি সান
- ইংরেজির পাশাপাশি বাংলা, রুশ, চীনা ও হিন্দি ভাষায় সংবাদ পড়া যাবে
- অডিও সংবাদ, ভিডিও আপডেট ও পছন্দমতো নোটিফিকেশন থাকছে অ্যাপে
পাঠকদের দ্রুত ও সহজে নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দিতে নতুন মোবাইল অ্যাপ উন্মোচন করেছে ইংরেজি দৈনিক ডেইলি সান। অ্যাপটিতে অডিও সংবাদ শোনা, আলাদা ভিডিও পেজে সর্বশেষ আপডেট দেখা, বিভাগ অনুযায়ী সংবাদ পড়া এবং পছন্দমতো নোটিফিকেশন পাওয়ার সুবিধা রাখা হয়েছে। ইংরেজির পাশাপাশি বাংলা, রুশ, চীনা ও হিন্দি ভাষায়ও সংবাদ পড়তে পারবেন ব্যবহারকারীরা।
২৬ অক্টোবর, সোমবার পত্রিকাটির ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অ্যাপটি চালু করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের (এসবিজি) চেয়ারম্যান সাফওয়ান সোবহান।
গণমাধ্যমের পরিবর্তনশীল ও চ্যালেঞ্জিং পরিস্থিতির কথা তুলে ধরে সাফওয়ান সোবহান বলেন, পাঠকেরা প্রতিনিয়ত দ্রুত সংবাদ জানতে চান। নতুন অ্যাপটি পাঠকদের চাহিদা অনুযায়ী নির্ভরযোগ্য সংবাদ পাওয়ার পাশাপাশি তাঁদের পছন্দের নোটিফিকেশন গ্রহণেও সহায়তা করবে।
ডেইলি সানের সম্পাদক রেজাউল করিম লোটাস বলেন, নতুন অ্যাপের মাধ্যমে পাঠকেরা যেকোনো সময় ও যেকোনো স্থান থেকে সংবাদ পেতে পারবেন। অডিও সংবাদ, আলাদা ভিডিও পেজ এবং বিভাগভিত্তিক সংবাদ পড়ার সুবিধা থাকায় বিভিন্ন ধরনের পাঠকের জন্য সংবাদ গ্রহণের সুযোগ বাড়বে। ইংরেজির পাশাপাশি চারটি ভাষায় সংবাদ পড়ার সুবিধাও রাখা হয়েছে।
ডেইলি সান ও টি-স্পোর্টসের নির্বাহী পরিচালক তাসবিরুল ইসলাম বলেন, গত বছরের প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্রিকার মান উন্নয়নের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ডিজিটাল দলকে আরও শক্তিশালী করা হয়েছে এবং নতুন মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। গত বছর পত্রিকাটি বেশ কয়েকটি পুরস্কারও অর্জন করেছে।
অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ইন্দোনেশিয়ার দূতাবাসের মিনিস্টার কাউন্সেলর আহমেদ সাইফুদ্দীন; বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানি; বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল বীরাককোডি; ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী; ডেইলি সানের প্রকাশক মইনুল হোসেন চৌধুরী, রাশিয়ার রাষ্ট্রদূতের অ্যাটাশে ও প্রেস সেক্রেটারি সোফিয়া কুতেপোভা, ভারতের হাইকমিশনের প্রথম সচিব (রাজনৈতিক, প্রেস ও তথ্য) শ্রী গোকুল বিমল কালা এবং বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিসতিওয়াতি, বাংলানিউজটোয়েন্টিফোর.কমের সম্পাদক এ কে এম মঞ্জুরুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/বিএনএন/এসএমই/এমআইএসটি//





