আক্তারুজ্জামানের গ্রেফতারে জামায়াতের নিন্দা
ঢাকা: বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মেজর (অব.) আক্তারুজ্জামান-কে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে তাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে দলটি। বৃহস্পতিবার (২ অক্টোবর) এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এ দাবি জানান। বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি […] The post আক্তারুজ্জামানের গ্রেফতারে জামায়াতের নিন্দা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainmen

ঢাকা: বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মেজর (অব.) আক্তারুজ্জামান-কে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে তাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে দলটি।
বৃহস্পতিবার (২ অক্টোবর) এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এ দাবি জানান।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মেজর (অব.) আক্তারুজ্জামান গতকাল ১ অক্টোবর পবিত্র ওমরা পালন শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশে ফেরেন। বিমানবন্দরে পৌঁছার পর তিনি অন্যান্য যাত্রীর মতো নানা ধরনের হয়রানি ও ভোগান্তির শিকার হন। এর প্রতিবাদে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের কাছে হয়রানি বন্ধের দাবি জানান।’
তিনি বলেন, ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানি ও লাগেজ নিয়ে অসদাচরণের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। পুলিশও জানিয়েছে, ঘটনার সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য ও অন্যান্য আলামত সংগ্রহ করে তদন্ত করা হবে। অথচ তদন্তের আগেই গতকাল রাতে মেজর (অব.) আক্তারুজ্জামানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং সেই মামলায় আজ সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়েছে।’ তার বিরুদ্ধে মামলা দায়ের ও গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিন ধরে নানা ধরনের অব্যবস্থাপনা ও হয়রানির অভিযোগ রয়েছে। যাত্রীদের অপ্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ, দীর্ঘ সময় অপেক্ষায় রাখা, অসম্মানজনক আচরণ, লাগেজ নিয়ে হয়রানি, লাগেজ থেকে মূল্যবান সামগ্রী হারানো, প্রয়োজনীয় তথ্যের ঘাটতি এবং এক কাউন্টার থেকে অন্য কাউন্টারে ঘোরানোর মতো অভিযোগ রয়েছে।’ নারী, অসুস্থ ও বয়স্ক যাত্রীদেরও অতিরিক্ত ভোগান্তির শিকার হওয়ার অভিযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মেজর (অব.) আক্তারুজ্জামানসহ বিমানবন্দরে ভোগান্তির শিকার হওয়া যাত্রীদের অভিযোগের নিরপেক্ষ তদন্ত করতে হবে। একই সঙ্গে যাত্রী হয়রানি ও অব্যবস্থাপনার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।’
বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল অবিলম্বে মেজর (অব.) আক্তারুজ্জামানকে নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। একই সঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধ, সেবার মান নিশ্চিত এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি প্রতিষ্ঠারও দাবি জানান।
The post আক্তারুজ্জামানের গ্রেফতারে জামায়াতের নিন্দা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





